রাজবাড়ীর গোয়ালন্দ

বালুমাটি তুলে বিক্রি, ঝুঁকিতে বসতবাড়ি

তেনাপচা নতুনপাড়ায় মরা পদ্মা নদীর পাড়ে দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিরা মাটি তুলে বিক্রি করছেন।

রাজবাড়ীর গোয়ালন্দের দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা নতুনপাড়ায় মরা পদ্মা নদীর পাড়ে দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিরা মাটি তুলে বিক্রি করছেন। এতে নতুনপাড়ার অন্তত ২০টি বসতবাড়ি ভাঙনের ঝুঁকিতে পড়ছে।

অবৈধভাবে মাটি তুলে বিক্রির বিষয়টি উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভাতেও আলোচনা হয়েছে। ১২ সেপ্টেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে উজানচর, দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের মরা পদ্মা নদীর বিভিন্ন স্থানে শ্যালো ইঞ্জিনচালিত খননযন্ত্রের সাহায্যে মাটি তোলার অভিযোগ করা হয়। সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

১৮ সেপ্টেম্বর দেবগ্রামের তেনাপচা নতুনপাড়া এলাকায় দেখা যায়, মরা পদ্মা নদীর পাড়ে নতুনপাড়ায় গড়ে উঠেছে কিছু বসতবাড়ি। এসব বাড়ির ১০০ গজ দূরে মরা পদ্মা নদী। একাধিক শ্যালো ইঞ্জিনচালিত খননযন্ত্র বসিয়ে বিভিন্ন স্থানে পাইপ টেনে মাটি ফেলা হচ্ছে।

খননযন্ত্র থেকে সামান্য দূরে বসতভিটা ভরাটে ব্যস্ত শাহজাহান শেখ। তাঁর সঙ্গে রয়েছেন চারজন শ্রমিক। তাঁরা বলেন, বেশ কিছুদিন ধরে তাঁরা বালুমাটি তুলছেন। বিভিন্ন অঞ্চলের নদীভাঙনের শিকার মানুষ নতুনপাড়ায় বসতি গড়ছেন। তাঁদের বসতভিটা করতে এখান থেকে বালুমাটি তোলা হচ্ছে। খননযন্ত্রের মালিকের বিষয়ে জানতে চাইলে তাঁরা কেউ কথা বলতে রাজি হননি।

গভীর গর্ত করে মাটি তোলার কারণে বসতভিটা ভাঙনঝুঁকিতে পড়ছে কি না, জানতে চাইলে শাহজাহান শেখ বলেন, ‘নিরাপদ দূরত্ব বজায় রেখে এবং মানুষের প্রয়োজন বলে এখান থেকে বালুমাটি তুলছি। এ ছাড়া জমির মালিকদের অনুমতি নিয়ে মাটি কাটা হচ্ছে। অন্যায়ভাবে কারও ক্ষতি করে কিছু করা হচ্ছে না।’ মাটি তোলার বিষয়ে প্রশাসনের অনুমোদন আছে কি না, জানতে চাইলে শাহজাহান কোনো উত্তর দেননি।

এভাবে মাটি তোলার কারণে বসতভিটা হুমকির মুখে পড়ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। তবে তাঁরা এ বিষয়ে কথা বলতে চাননি। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, সরকারদলীয় স্থানীয় অনেকে এই কাজে জড়িত। তাঁরা দেখভালের দায়িত্ব নিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে খননযন্ত্র ভাড়া এনে বালুমাটি উত্তোলনের ব্যবসা করেন।

আলেয়া বেগম নামের এক গৃহবধূ বলেন, ‘আমার মতো এখানে অনেকে চার-পাঁচ কাঠা করে জমি কিনে নতুন করে ঘরবাড়ি তুলেছেন। বাড়ির কাছে গর্ত করে মাটি কাটায় ভাঙনঝুঁকিতে রয়েছি। ঝুঁকি থাকলেও কিছুই বলতে পারছি না।’

সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান বলেন, ‘সরকারের উন্নয়ন প্রকল্প ছাড়া বালুমাটি উত্তোলনের অনুমোদন দেওয়া হয়নি। অবৈধভাবে যেখানে বালুমাটি তোলা হচ্ছে, সেখানেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। গত মঙ্গলবার উজানচর নলিয়াপাড়ায় অভিযান চালিয়ে খননযন্ত্র বন্ধ করে দেওয়া হয়েছে। ওই খবর পেয়ে তেনাপচা নতুনপাড়ায় মাটি তোলা বন্ধ হয়েছে বলে শুনেছি।’