
গ্রামে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করা হচ্ছিল। প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার দুপুরেও গ্রামের শিশুরা স্কুল থেকে ফিরে মাটি কাটা দেখছিল। হঠাৎ পা ফসকে যুবায়ের হোসেন (৭) নামের এক শিশু পুকুরে পড়ে যায়। সঙ্গে থাকা অন্য এক শিশু বাড়িতে খবর দিয়ে এসে দেখে যুবায়েরের লাশ পানিতে ভাসছে।
ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া গ্রামে। যুবায়ের উপজেলার মৌখাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
শিশুটির বাবা মনিরুল ইসলাম বলেন, বেলা দুইটার দিকে স্কুল থেকে ফিরে যুবায়ের বন্ধু তামজিদ হোসেনকে নিয়ে প্রতিদিনের মতো আজও বাড়ির পাশের সোহরাব হোসেনের পুকুর খনন করা দেখতে যায়। হঠাৎ যুবায়ের পা ফসকে পুকুরের পানিতে পড়ে যায়। এ খবর জানাতে তামজিদ ছুটে যায় বাড়িতে। খবর পেয়ে বাড়ির লোকজন দ্রুত সেখানে গিয়ে ভাসমান অবস্থায় যুবায়েরের লাশ উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন।
তিনি অভিযোগ করে বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুকুর থেকে মাটি কেটে বিক্রি করা হয়। কৌতূহলবশত গ্রামের ছেলেরা ভেকু মেশিন দেখতে ভিড় জমায়। একটা পুরাতন পুকুরের পাশেই নতুন পুকুরটি খনন করা হচ্ছে। মাটি কেটে নেওয়ার ফলে পুরাতন পুকুরের পাড়টি সরু হয়ে গেছে। ওই পাড় দিয়ে হাঁটতে গিয়ে তাঁর ছেলের মৃত্যু হয়েছে। এ সময় সেখানে মালিকপক্ষের পাহারাদার থাকলে এ ঘটনা ঘটত না।
তবে পুকুরমালিক সোহরাব হোসেনের ছেলে মরিরুজ্জামান বলেন, ‘আমাদের পুকুরের মাটি কেটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে মাটি ভরাট করা হচ্ছে। শিশুটির অসাবধানতাবশত দুর্ঘটনাটি ঘটেছে। এতে পুকুর খননের কোনো সম্পর্ক নেই।’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, এ ব্যাপারে সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।