গ্রামগুলো শ্রীপুর পৌরসভার আওতাধীন। সেখানে অসংখ্য মানুষের বসবাস। কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকায় ভুগতে হচ্ছে শিক্ষার্থীদের।

শিল্প–অধ্যুষিত পৌর এলাকায় পাশাপাশি তিনটি গ্রাম। স্থানীয় ও কর্মসূত্রে সেখানে অসংখ্য মানুষের বসবাস। অথচ ওই তিনটি গ্রামে সরকারি কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। গ্রাম তিনটি হলো বহেরারচালা, দুখলা ও বেতঝুড়ি। গ্রামগুলো গাজীপুরের শ্রীপুর পৌরসভার আওতাধীন।
খোঁজ নিয়ে জানা গেছে, বহেরারচালা গ্রামে ভোটার সংখ্যা সাড়ে ৫ হাজারের বেশি। অপর দিকে দুখলা গ্রামে ১ হাজার ৮০০ এবং বেতঝুড়ি গ্রামে ১ হাজার ৬০০ ভোটার। দুই যুগ ধরে গ্রাম তিনটিতে ব্যাপক শিল্পায়ন হওয়ায় সেখানে অনেক শ্রমিকের বসবাস। এঁদের অনেকে পরিবার নিয়ে থাকেন। গ্রাম তিনটিতে বর্তমানে বাসিন্দার সংখ্যা ভোটারের সংখ্যার অন্তত তিন গুণ। এত বিশাল জনগোষ্ঠীর জন্য আজ পর্যন্ত কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়নি।
শিক্ষার্থীদের নির্ভর করতে হয় ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা কেজি স্কুল কিংবা মাদ্রাসা বা পার্শ্ববর্তী গ্রামের প্রাইমারি স্কুলের ওপর। দুখলা গ্রামের বাসিন্দা ও শিক্ষার্থীর অভিভাবক আলী নেওয়াজ বলেন, ‘নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি স্কুলই একমাত্র ভরসা। খরচ কম হওয়ায় অভিভাবকেরা এসব স্কুলে সন্তানদের পাঠাতে উৎসাহিত হন। অথচ আমাদের গ্রামে কোনো সরকারি স্কুল নেই। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়টি ভেবে দেখা দরকার।’
বহেরারচালা গ্রামে অবশ্য ১৯৯৩ সালে বিদেশি একটি প্রকল্পের অধীনে ‘বহেরারচালা স্যাটেলাইট প্রাথমিক বিদ্যালয়’ নামে একটি স্কুল স্থাপিত হয়। এটি বাস্তবায়ন করেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সে সময় বহেরারচালাসহ আশপাশের কয়েকটি গ্রামের বিপুলসংখ্যক শিক্ষার্থী ওই স্কুলে পড়াশোনা করত। তবে ২০০৩ সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় বিদ্যালয়টির কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে পরিত্যক্ত ভবনের দরজা-জানালা চুরি হয়ে যায়। একপর্যায়ে ২০২১ সালে বহেরারচালা ঈদগাহ মাঠ সম্প্রসারণের প্রয়োজনে স্কুল ভবনটি ভেঙে ফেলা হয়।
১৯৯৩ সালে স্কুল প্রতিষ্ঠার পর শুরুতে সেখানে মাদুর বিছিয়ে পাঠদান করা হতো। বহেরারচালা গ্রামের মো. শামসুদ্দিন নামের এক ব্যক্তি স্কুলটির জন্য লিখিতভাবে জমি দিয়েছিলেন। এরপর ১৯৯৫ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে স্কুলের ভবন তৈরি করা হয়। স্কুলটির প্রধান শিক্ষক ছিলেন মোসা. সাফিয়া বেগম ও সহকারী শিক্ষকের দায়িত্বে ছিলেন হুসনেয়ারা জেসমিন।
সাফিয়া বেগম প্রথম আলোকে বলেন, স্কুলে শিক্ষকতাকালীন তাঁরা ময়মনসিংহ পিটিআই থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন। প্রতি মাসে তাঁরা ৫০০ টাকা করে বেতন পেতেন। ২০০২ সালের মাঝামাঝি থেকে বেতন দেওয়া বন্ধ হয়ে যায়। এভাবে ছয় মাস চলার পর হঠাৎ তারা স্কুল বন্ধের খবর শোনেন। এরপর তাঁরা আর স্কুলে যাননি। জেসমিন বলেন, স্যাটেলাইট স্কুলটিতে অনেক শিক্ষার্থী ছিল। স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর শিক্ষার্থীরা আশপাশের বিভিন্ন স্কুলে ভর্তি হয়। এর পর থেকে বহেরারচালা গ্রামটিতে নতুন করে কোনো প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়নি।
পাশাপাশি এই তিনটি গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকাটা দুঃখজনক বলে উল্লেখ করেছেন বেতঝুড়ি গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান।
বিষয়টি নজরে আনা হলে গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ভুঁইয়া প্রথম আলোকে বলেন, সরকার বিদ্যালয়বিহীন গ্রামে নতুন বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে। ওই উদ্যোগের আওতায় ক্রমান্বয়ে এই তিনটি গ্রামেও বিদ্যালয় স্থাপন করার উদ্যোগ নেওয়া হবে।