
আংশিক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নাটোর জেলা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের সামনে নাটোর সদর, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা এ কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া ছাত্রলীগের নেতা-কর্মীদের অন্তত পাঁচজনের সঙ্গে কথা বলে জানা যায়, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রলীগের একটি অংশ সম্প্রতি ঘোষিত কলেজ কমিটি প্রত্যাখ্যান করেছে। তাদের সঙ্গে নাটোর সদর, পৌর ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা জেলা কমিটি বাতিলের দাবিতে আজ বেলা ১১টার দিকে কলেজের সামনের সড়কে মানববন্ধন ও পথসভা করেছেন। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বুলবুল আহমেদ, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহানুর রহমান, সাবেক সাংস্কৃতিক সম্পাদক সজীব ইসলাম, সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক অনিক হোসেন প্রমুখ। মানববন্ধন ও পথসভা শেষে সাবেক ছাত্রলীগ নেতা বুলবুল আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ চত্বর প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
অবিলম্বে কমিটি বিলুপ্ত করে সক্রিয় নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়।
নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বুলবুল আহমেদ বলেন, ‘দুই বছর আগে কেন্দ্রীয় ছাত্রলীগ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে। ওই কমিটির মেয়াদ আর মাত্র তিন মাস থাকলেও জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। নেতারা বিভিন্ন পদে দায়িত্ব দেওয়ার কথা বলে টাকা তুলছেন। এ অবস্থায় আমরা ঘোষিত কমিটি অনতিবিলম্বে বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছি।’
জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, তাঁরা ন্যায্য দাবি আদায়ে মানববন্ধন করেছেন। সদর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের কমিটিতে যোগ্যদের বাদ দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির নেতারা সাংগঠনিক কাজে সক্রিয় নন। ছাত্রলীগের আদর্শ বুকে লালন করে দিনের পর দিন যাঁরা রাজপথে সংগ্রাম করেছেন, তাঁদের কমিটিতে না রেখে অযোগ্য ছাত্রদের নিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। অবিলম্বে কমিটি বিলুপ্ত করে সক্রিয় নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তিনি।
এ ব্যাপারে বক্তব্য জানার জন্য জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ধরেননি।