এবার যশোর বোর্ডে জিপিএ-৫ ও পাসের হার কমেছে

এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের উল্লাস
ছবি: প্রথম আলো

যশোর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এবার যশোর বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ১৭। গত বছর পাসের হার ছিল ৯৫ দশমিক ১৭। এ ছাড়া এবার জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬১৭ শিক্ষার্থী, যা গত বছর ছিল ৩০ হাজার ৮৯২।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্বাস শাহীন আহমেদ বলেন, গত বছর করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছিল; সব বিষয়ে পরীক্ষা হয়নি। যে কারণে গতবার ফলাফল ভালো হয়েছিল। কিন্তু এবার স্বাভাবিক সিলেবাসে সব বিষয়ে পরীক্ষা হয়েছে। তা ছাড়া অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যাও এবার বেশি ছিল। এসব কারণে গত দুই বছরের তুলনায় এবার ফলাফল একটু খারাপ হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করা হয়। যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্বাস শাহীন আহমেদ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে বলা হয়, এবার যশোর শিক্ষা বোর্ডের অধীনে থাকা ২ হাজার ৫৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ৫৫ হাজার ৭৫৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১ লাখ ৩৪ হাজার ২১৩ জন উত্তীর্ণ হয়। এর মধ্যে ১৯৩ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করলেও তিনটি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি। প্রতিষ্ঠান তিনটি হলো যশোরের শার্শা উপজেলার সাড়াতলা নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়, নড়াইল সদর উপজেলার মুলাদি তালতলা মাধ্যমিক বিদ্যালয় ও সাতক্ষীরার তালা উপজেলার উদয়ন সেকেন্ডারি স্কুল। এসব বিদ্যালয় থেকে তিন থেকে আটজন শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল।

ওই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্বাস শাহীন আহমেদ বলেন, বিধি মোতাবেক ওই প্রতিষ্ঠানের প্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। নোটিশের জবাব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে। অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয় তাঁদের বিরুদ্ধ ব্যবস্থা নেবে।

তবে এযাবৎকালে এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক কোনো তথ্য দিতে পারেননি।