বাংলাদেশ–ভারত সীমান্ত
বাংলাদেশ–ভারত সীমান্ত

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি গুলিবিদ্ধ

সিলেটের গোয়াইনঘাটের নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. বাবলা লিটন (২৮) নামের এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার সকালে সীমান্তের নলজুড়ি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। তবে বুধবার রাতে বিষয়টি জানাজানি হয়।

গুলিবিদ্ধ মো. বাবলা লিটন গোয়াইনঘাটের নলজুড়ি এলাকার বাসিন্দা। গুলিটি তার হাতে লেগেছে। ঘটনার সময় তাঁর সঙ্গে আরও সাত থেকে আটজন ছিলেন। গোয়াইনঘাট থানায় বিজিবির পক্ষ থেকে করা একটি মামলা থেকে এসব তথ্য জানা গেছে। ওই মামলায় বাবলা লিটন ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া এবং বিজিবি সদস্যদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে সীমান্ত পিলার ১২৭৮/৪-সংলগ্ন এলাকা দিয়ে বাবলা লিটনসহ অজ্ঞাতনামা সাত থেকে আটজন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস‌্যরা তাঁদের তাড়া করেন। তখন তাঁরা বিএসএফ সদস্যদের লক্ষ্য করে ইট ও পাথর নিক্ষেপ করেন। এরপর বিএসএফ সদস্যরা চারটি গুলি ছোড়েন। এতে বাবলা লিটনের গুলি লাগে। গুলিবিদ্ধ হওয়ার পর বাবলা লিটনসহ অন্যরা বিএসএফ সদস্যদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়েন।

মামলার এজাহারে আরও বলা হয়, খবর পেয়ে সিলেট বিজিবির তামাবিল ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাঁদের লক্ষ্য করেও ইট-পাথর ছুড়ে সাধারণ জখম করা হয়। এ সময় বিজিবি সদস্যরা পাঁচটি ফাঁকা গুলি ছুড়লে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান।

এ ঘটনায় মঙ্গলবার রাতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) তামাবিল ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ গোলাম মোস্তফা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা করেন। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক মোড়ল বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হলে সতর্কতামূলকভাবে চার থেকে পাঁচটি গুলি ছোড়া হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে।