
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়াটা কেমিক্যালস লিমিটেড নামের একটি কারখানা থেকে নির্গত গ্যাসে নারী ও শিশুসহ অন্তত সাতজন অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
রোববার রাত ৮টা পর্যন্ত অসুস্থ ব্যক্তিরা রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। তাঁরা হলেন সামিয়া আক্তার (৯), মো. সিরাজুল ইসলাম (৬৮), মনু মিয়া (৬০) মাসুদা বেগম (৪০), ওসমান আলী (৭৫), আমীর আলী (৭০) ও মল্লিকা (৫৫)। তাঁরা মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাঁদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নিজেদের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী ওয়াটা কেমিক্যালস লিমিটেড নামের কারখানাটিতে সালফিউরিক অ্যাসিড, অ্যালুমিনিয়াম সালফেট, জিংক সালফেট ও ম্যাগনেশিয়াম সালফেটসহ ৬ ধরনের কেমিক্যাল তৈরি হয়।
কারখানার গ্যাসে সাতজন অসুস্থ হওয়ার বিষয়ে কথা বলতে কারখানার ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। কারখানার ওয়েবসাইটে দেওয়া মুঠোফোন নম্বরে ফোন করে ও খুদে বার্তা পাঠিয়েও কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা নাজমুল আহমেদ প্রথম আলোকে বলেন, বুক জ্বালাপোড়া ও শ্বাসকষ্ট নিয়ে রোববার সন্ধ্যায় সাতজন রোগী হাসপাতালে আসেন। তাঁদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।
আমীর আলী, লোকমান হোসেন, রাবেয়া জান্নাতীসহ স্থানীয় অন্তত ৯ জন বাসিন্দা প্রথম আলোকে বলেন, রোববার সকালে কেমিক্যাল কারখানাটি থেকে ধোঁয়া বের হতে থাকে। বাতাসে ধোঁয়া ছড়িয়ে পড়লে মুড়াপাড়ার বানিয়াদি, বলাইনগর, ফরিদ আলীরটেক, মঙ্গলখালী ও মকিমনগর গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে গুরুতর অসুস্থ সাতজনকে রোববার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় ব্যক্তিরা বলছেন, অন্তত এক যুগ ধরে কারখানাটি এ ধরনের গ্যাস নির্গত করছে। তার আগেও বিভিন্ন সময় কারখানার ধোঁয়ায় লোকজন অসুস্থ হয়েছেন। কারখানা সরিয়ে নিতে গ্রামবাসী বিভিন্ন সময় বিক্ষোভ করেছেন, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। তাতেও কারখানা সরিয়ে নেওয়া হয়নি। আবাসিক এলাকায় কেমিক্যাল কারখানার ফলে পাঁচটি গ্রামের অন্তত ১১ হাজার মানুষ ভয়ানক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন।
আবাসিক এলাকায় কেমিক্যাল কারখানার বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, কারখানাটির পরিবেশগত ছাড়পত্র আছে। তবে যখন ছাড়পত্র দেওয়া হয়েছে, তখন সেখানে আবাসিক এলাকা ছিল না। গ্যাসের কারণে স্থানীয় বাসিন্দাদের সমস্যা হলে দ্রুত কারখানা পরিদর্শনে গিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান বলেন, বিষয়টি আগে থেকে জানা ছিল না। গ্রামবাসীর অসুস্থতার খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কারখানা আবাসিক এলাকায় থাকতে পারে না।