মহাসড়কের পাশ দিয়ে হাঁটতে থাকা দুই বোনকে কাভার্ড ভ্যান চাপা দেওয়ার আগমুহূর্তে
মহাসড়কের পাশ দিয়ে হাঁটতে থাকা দুই বোনকে কাভার্ড ভ্যান চাপা দেওয়ার আগমুহূর্তে

মা কাজে যাচ্ছিলেন, পেছন পেছন যায় ছোট দুই মেয়ে, ফেরার পথে দুর্ঘটনায় নিহত

ময়মনসিংহের তারাকান্দায় কাজে যাওয়া মাকে বিদায় দিয়ে বাড়ি ফিরছিল দুই বোন। পথে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় তারা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালক গাড়িসহ পালিয়ে যান।

নিহত আরবিয়া আক্তার (৮) ও রাবিয়া আক্তার (৬) পশ্চিম তালদিঘী এলাকার মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে। আরবিয়া তালদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে এবং রাবিয়া একই বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিতে পড়ত।

দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মো. আবদুর রাশিদ, তারাকান্দা থানার ওসি

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজ করেন। আজ সকালে কাজে যেতে তিনি বাড়ি থেকে বের হন। তাঁর পেছন পেছন দুই মেয়েও তালদিঘী মডেল মসজিদের সামনে পর্যন্ত যায়। সেখানে মা তাদের বাড়ি ফিরে যেতে বলেন। মায়ের কাছ থেকে কিছুটা দূরে যাওয়ার পর মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিল দুই বোন। তখন শেরপুরগামী একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে এসে তাদের চাপা দেয়।

স্থানীয় মেসার্স ফকির হ্যাচারি অ্যান্ড ফিশারির সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আজ সকাল ৬টা ২৯ মিনিটে দুই শিশু সড়কের পাশ ধরে হেঁটে যাচ্ছিল। এ সময় নীল ও হলুদ রঙের একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রাশিদ প্রথম আলোকে বলেন, দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।