নারায়ণগঞ্জে আগুনে পুড়ল পাটের গুদাম

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ শহরের কদমতলী এলাকায় একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে শীতলক্ষ্যা কদমতলী এলাকায় মেসার্স শারমিন জুট বেলার্সে এ দুর্ঘটনা ঘটে। পরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ওই গুদামে রাখা বিপুল পরিমাণ পাট পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রাত আড়াইটার দিকে মেসার্স শারমিন জুট বেলার্সে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় টিনশেডের ওই গুদামে রাখা বিপুল পরিমাণ পাট পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর পৌনে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনার সময় ওই গুদামে কোনো শ্রমিক বা কর্মচারী ছিলেন না। ফলে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন প্রথম আলোকে বলেন, আগুনের কারণ ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।