নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মসজিদ থেকে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি আড়াইহাজার থানার বলে দাবি করেছে পুলিশ। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে অস্ত্র ও গুলি লুট হয়েছিল।
আড়াইহাজার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিনের মাধ্যমে তথ্য পেয়ে আজ শনিবার দুপুরে মসজিদ ভবনের দ্বিতীয় তলা থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই মসজিদে প্রায় ২০ বছর ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন নাসির উদ্দিন। আজ দুপুরে তিনি মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের তাকের ওপর অস্ত্র ও গুলিগুলো দেখতে পান। বিষয়টি তিনি থানায় অবহিত করলে বেলা একটার দিকে কয়েকজন পুলিশ সদস্য গিয়ে সেগুলো উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সবজেল হোসেন প্রথম আলোকে বলেন, কখন ও কীভাবে অস্ত্রগুলো মসজিদের তাকের ওপর রাখা হয়েছিল, তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী প্রথম আলোকে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আড়াইহাজার থানা থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ও ম্যাগাজিন লুট হয়েছিল। এর মধ্যে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০টি গুলি মসজিদের ভেতর থেকে পাওয়া গেছে।
তারেক আল মেহেদীর ধারণা, যাঁরা অস্ত্রগুলো লুট করেছিলেন, পুলিশের অভিযানের ভয়ে তাঁরা সেগুলো মসজিদের তাকের ওপর রেখে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।