বরিশালে দ্বিতীয় দিনের মতো চলছে নৌযানশ্রমিকদের ধর্মঘট। বিভিন্ন রুটের লঞ্চ সরিয়ে রাখার কারণে ফাঁকা পড়ে আছে লঞ্চ ঘাট
বরিশালে দ্বিতীয় দিনের মতো চলছে নৌযানশ্রমিকদের ধর্মঘট। বিভিন্ন রুটের লঞ্চ সরিয়ে রাখার কারণে ফাঁকা পড়ে আছে লঞ্চ ঘাট

বেতন বৃদ্ধি চান নৌশ্রমিকেরা, মালিকপক্ষ বলছে ‘এই মুহূর্তে অসম্ভব’

মালবাহী ও যাত্রীবাহী সব ধরনের নৌযানশ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণসহ ১০ দফা দাবিতে সারা দেশে লাগাতার কর্মবিরতি পালন করছেন নৌযানশ্রমিকেরা। দ্বিতীয় দিনের মতো আজ সোমবারও দেশের সব কটি নৌবন্দরে বন্ধ রয়েছে যাত্রী পরিবহন, পণ্য খালাস ও ওঠা-নামা। এমন পরিস্থিতিতে নৌযান মালিকদের সংগঠনের একজন নেতা বলেছেন, লঞ্চ ব্যবসার মন্দার এই সময়ে শ্রমিকদের বেতন বৃদ্ধি করা তাঁদের পক্ষে ‘অসম্ভব’।

গতকাল শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে বরিশাল নদীবন্দরসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদীবন্দর ও লঞ্চঘাট থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রীবাহী কোনো লঞ্চ ছেড়ে যায়নি। ফলে বিপাকে পড়েছেন দক্ষিণের নৌপথ-নির্ভর হাজারো যাত্রী। বরিশাল নদী বন্দরের শ্রমিক নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আজ সোমবার ১০ দফা দাবির পক্ষে নদীবন্দর এলাকায় বিক্ষোভ করেছেন তাঁরা।

নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল বিভাগীয় সভাপতি আবুল হাসেম প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকদের কর্মবিরতির কারণে সারা দেশে তেলবাহী, বালুবাহীসহ সব পণ্যবাহী ও যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ আছে। আমরা চাই আমাদের যৌক্তিক দাবিগুলো মানা হোক। তবে এখন পর্যন্ত সরকারসহ কোনো পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। আর আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’

তিনি আরও বলেন, সরকার ও নৌযান মালিকেরা ২০১৬ সালে সর্বশেষ এ খাতের শ্রমিকদের বেতন-ভাতা পুনর্নির্ধারণ করেছিল। এরপর কয়েক দফা বেড়েছে দ্রব্যমূল্য ও ভাড়া। কিন্তু শ্রমিকদের উন্নতি হয়নি। এ অবস্থায় দীর্ঘদিন ধরে বেতন-ভাতা পুনর্নির্ধারণের দাবি জানিয়ে আসছেন তাঁরা। কিন্তু সরকার ও মালিকপক্ষ এতে কর্ণপাত না করায় এখন বড় আন্দোলনের দিকে যেতে বাধ্য হয়েছেন তাঁরা। দাবি-দাওয়া পূরণের ব্যাপারে সরকার ও মালিক কোনো পক্ষ থেকে আলোচনার জন্য তাঁদের ডাকা হয়নি বলে জানান তিনি।

নৌযানশ্রমিকদের দাবি ও কর্মবিরতি ঘোষণার বিষয়ে লঞ্চমালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সহসভাপতি সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, গত শুক্রবার প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান তাঁর দপ্তরে মালিক-শ্রমিকদের একটি সভা ডেকেছিলেন। সেখানে আমাদের সংগঠনের সভাপতিসহ আমরা এবং শ্রমিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে শ্রম প্রতিমন্ত্রী এক মাসের মধ্যে নৌযানশ্রমিকদের বেতন-ভাতাসংক্রান্ত একটি নীতিমালা প্রণয়নের জন্য সময় নিয়েছেন। কিন্তু শ্রমিকদের প্রতিনিধিরা শনিবার তাঁদের সিদ্ধান্ত জানানোর কথা বলে সভাস্থল ত্যাগ করেন। এরপর শনিবার কিছুই জানাননি তাঁরা। এরপর শ্রমিকেরা কর্মবিরতিতে যান।

সাইদুর রহমান বলেন, ‘এই মুহূর্তে লঞ্চ ব্যবসার অবস্থা মন্দা। আমরা এ ব্যবসা বন্ধ করে দিতে পারলে বাঁচি। সেই মুহূর্তে ধর্মঘট ডাকলে আমাদের ক্ষতির চেয়ে লাভই হবে। আর আমাদের পক্ষে এই মুহূর্তে বেতন-ভাতা বৃদ্ধি করা অসম্ভব।’