গাজীপুর মহানগর

বিএনপিতে বিভক্তির নেপথ্যে মান্নানপুত্র

মঞ্জুরুল করিম রাজনীতিতেই ছিলেন না বললেই চলে। তিনি এখন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক। বিষয়টি মেনে নিতে পারছেন না দলের অনেকে।

মঞ্জুরুল করিম
মঞ্জুরুল করিম

আগামী নির্বাচন সামনে রেখে বিএনপি যখন আন্দোলন–সংগ্রাম জোরালো করার চেষ্টা করছে, তখন বিভক্তিতে জড়িয়ে পড়েছেন দলটির গাজীপুর মহানগর কমিটির নেতা-কর্মীরা। আর এর নেপথ্যে উঠে এসেছে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির প্রয়াত নেতা এম এ মান্নানের ছেলে মঞ্জুরুল করিম ওরফে রনির নাম।

ব্যবসায়ী হিসেবে পরিচিত মঞ্জুরুল করিম রাজনীতিতেই ছিলেন না বললেই চলে। তিনি এখন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক। বিষয়টি মেনে নিতে পারছেন না দলের অনেকে। নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে দ্বিধাবিভক্তি। এরই জের ধরে গত মঙ্গলবার মহানগর বিএনপির এক সভায় মহানগর বিএনপি ও ছাত্রদলের পদবঞ্চিত নেতারা হামলার ঘটনা ঘটিয়েছেন।

বিভক্তি নিয়ে মহানগর বিএনপির একাধিক নেতা-কর্মীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা জানান, গত ৩০ সেপ্টেম্বর গাজীপুর মহানগর বিএনপির ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে সোহরাব হোসেনকে আহ্বায়ক ও শওকত হোসেন সরকারকে সদস্যসচিব করা হয়। মঞ্জুরুল করিমকে করা হয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক।

গত ১৩ ডিসেম্বর সোহরাব হোসেন মারা যান। এরপর ২২ ডিসেম্বর মঞ্জুরুল করিমকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়। পদবঞ্চিতদের অভিযোগ, ত্যাগীদের বাদ দিয়ে কেন্দ্রীয় নেতাদের তদবির করে মঞ্জুরুলকে মহানগর বিএনপির গুরুত্ব স্থানে বসানো হয়েছে।

মঞ্জুরুল করিম ভারপ্রাপ্ত আহ্বায়ক হওয়ার পর থেকে মহানগর বিএনপির কোনো কর্মসূচিতে নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায় না। বরং কমিটির একটি পক্ষ ‘৯০–এর ছাত্র সংগঠন’ ব্যানারে পদযাত্রা, বিক্ষোভসহ বিএনপির বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। সব৴শেষ গত মঙ্গলবার সকালে গাজীপুর মহানগর বিএনপির যৌথ প্রস্তুতি সভায় মহানগর বিএনপি ও ছাত্রদলের পদবঞ্চিত নেতারা হামলা চালান। এ সময় চার থেকে পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। গাজীপুর শহরের রাজবাড়ি রোড এলাকার জেলা বিএনপির কার্যালয়ে হামলায় অন্তত ছয় নেতা-কর্মী আহত হয়েছেন।

বিভক্তির বিষয়টি স্বীকার করে গাজীপুর মহানগরের সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক ও সিটি কাউন্সিলর হান্নান মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা মহানগর বিএনপিকে সমর্থন করছি না। যার কারণে ৯০–এর ছাত্র সংগঠনের ব্যানারে নানা কর্মসূচি পালন করে আসছি। মহানগর বিএনপিতে আমরা বড় একটি অংশ কাজ করছি না। এটি নিয়ে যখন সমন্বয় ও সমঝোতা হবে, আপস মীমাংসা হবে, তারপর একসঙ্গে কর্মসূচি পালন করব।’

পদবঞ্চিতদের অভিযোগ, মঞ্জুরুল করিম ও শওকত হোসেন দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা না করেই তড়িঘড়ি করে তাঁদের নিজস্ব নেতা-কর্মীদের পদ দিয়ে মহানগরের গাজীপুর সদর, পূবাইল, টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম, গাছা, বাসন, কাশিমপুর ও কোনোবাড়ি থানায় বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এসব কমিটিতে বেশির ভাগ ক্ষেত্রেই নিষ্ক্রিয় নেতাদের অন্তর্ভুক্ত করায় সবার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত ২৬ জানুয়ারি মহানগর ছাত্রদলের সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়। ওই কমিটিতে সদর থানার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রোহানুজ্জামান ওরফে শুকুরকে করা হয় সভাপতি এবং মাহমুদুল হাসানকে করা হয় সাধারণ সম্পাদক। ছাত্রদলের কমিটি নিয়েো নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এসব কমিটিকে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মঞ্জুরুল করিমের পকেট কমিটি হিসেবে উল্লেখ করেছেন অধিকাংশ নেতা।

মহানগর ছাত্রদলের কর্মী সারোয়ার হোসেন বলেন, মহানগর ছাত্রদলের কমিটিতে যাঁদের রাখা হয়েছে, তাঁদের চেয়ে দলে আরও যোগ্য নেতা রয়েছেন, কিন্তু তাঁদের রাখা হয়নি। যাঁদের কমিটিতে রাখা হয়েছে, তাঁরা সবাই মঞ্জুরুল করিমের লোক।

গত ১৮ ফেব্রুয়ারি পদযাত্রার কেন্দ্রীয় কর্মসূচি ছিল বিএনপির। সেই পদযাত্রার অনুমোদনের জন্য মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব পুলিশের কাছে একটি আবেদন করেন। একই দিন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম বিএনপির দলীয় প্যাডে পৃথক আরেকটি আবেদন করেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বিএনপি আবদুস সালামকে শোকজ নোটিশ দেয়।

অভিযোগের বিষয়ে মনজুরুল করিম প্রথম আলোকে বলেন, ‘আমি এর আগে দলের কোনো কমিটিতে না থাকলেও আমার বাবা বিভিন্ন সময় নির্বাচন করেছেন। আমি তাঁর সঙ্গে মাঠে-ঘাটে কাজ করেছি।

হয়তো কোনো পদপদবিতে ছিলাম না। তাই বলে আমি দলে হুট করে এসেছি, কথাটি সঠিক নয়। অল্প তিন-চারজন নেতা মনে করছেন, কমিটি সঠিক হয়নি। এটা কোনো বড় বিষয় নয়। বিএনপি একটি বড় দল, এখানে মতপার্থক্য থাকতেই পারে।’

বিরোধীদের সমালোচনা করে মনজুরুল করিম আরও বলেন, কিছু নেতা আছেন, যাঁদের কাজই হচ্ছে দলে বিরোধিতা করা। এর আগের কমিটি নিয়েও তাঁরা বিরোধিতা করেছেন।