টেকনাফে ৮ বছরের মেয়েটিকে ধর্ষণের পর লাশ গুম করতে অপহরণের নাটক

কক্সবাজার জেলার মানচিত্র
কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের টেকনাফে ৮ বছরের একটি মেয়েশিশুকে অপহরণের পর হত্যা বলে প্রচার পাওয়া ঘটনায় অন্য তথ্য বের হয়ে এসেছে। ওই শিশুকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে। শিশুটি যে মাদ্রাসায় পড়ত, সেখানকারই এক ছাত্র (১৭) তাকে খাবারের লোভ দেখিয়ে মাদ্রাসার অফিসকক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়।

এ ঘটনায় র‍্যাব অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা ওই কিশোর স্বীকার করেছে। এর ভিত্তিতে পুলিশ জানায়, শিশুর পরনের রক্তাক্ত কাপড়চোপড় খুলে পলিথিনে ভরে ওই কিশোর একটি নালায় লুকিয়ে রাখে। গভীর রাতে শিশুটির লাশ গুমের উদ্দেশ্যে মাদ্রাসার পেছনে একটি নর্দমায় ফেলে রাখে। এরপর ধর্ষণ ও হত্যার ঘটনা ধামাচাপা দিতে অপহরণের নাটক সাজিয়ে মুক্তিপণ দাবি করা হয়। এতে ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও আরও কয়েকজন ছাত্রের যোগসূত্র থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ ও র‌্যাব।

মাদ্রাসার পেছনের নালা থেকে ওই মাদ্রাসার নিখোঁজ তৃতীয় শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের একাধিক দল বিভিন্ন এলাকায় অভিযান চালায়। টেকনাফ উপজেলার একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের অফিসকক্ষ থেকে ওই কিশোরকে আটক করা হয়। মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ওই কিশোরের বাবা। এরপর মাদ্রাসার পেছনের নালা থেকে ওই মাদ্রাসার নিখোঁজ তৃতীয় শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। রাতে ওই কিশোরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে হত্যা মামলা করে র‍্যাব।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, গত বৃহস্পতিবার গ্রেপ্তার কিশোর খাবারের লোভ দেখিয়ে মাদ্রাসায় বাবার অফিসকক্ষে নিয়ে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে।

র‍্যাব সূত্র জানায়, পরে ছাত্রীর মাকে ফোন দিয়ে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। মুক্তিপণ না দিলে মেয়ের লাশ পড়বে বলে হুমকি দেওয়া হয়। এ খবর প্রকাশিত হলে র‍্যাব-১৫ মাঠে নামে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর ছৈয়দ আজ শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য মেয়েটির লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার কিশোরকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।