চার মাস বেতন বন্ধ 

বিলে সই করছেন না সভাপতি

কেশবপুরের ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম রুহুল আমিন।

কেশবপুরের মহাদেবপুর রেজাকাটি বগা সেনপুর মাধ্যমিক বিদ্যালয়
প্রথম আলো

যশোরের কেশবপুরে মহাদেবপুর রেজাকাটি বগা সেনপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা চার মাস ধরে বেতন পাচ্ছেন না। তাঁদের বেতন বিলে স্বাক্ষর করছেন না বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম রুহুল আমিন। প্রধান শিক্ষক ও চারজন কর্মচারীর শূন্য পদে নিয়োগ নিয়ে বিরোধের জেরে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে ওই শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন।

ভুক্তভোগী শিক্ষক-কর্মচারী ও স্থানীয় লোকজন বলছেন, ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম রুহুল আমিন। তাঁকে নিয়োগ–বাণিজ্য করতে বাধা দেওয়ায় তিনি অন্যায়ভাবে বেতন বিলে স্বাক্ষর করছেন না। দলীয় ক্ষমতাশালী হওয়ায় তাঁর বিরুদ্ধে কেউ কিছু করতেও পারছেন না।

মহাদেবপুর রেজাকাটি বগা সেনপুর মাধ্যমিক বিদ্যালয়টি উপজেলার হাসানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। এমপিওভুক্ত এ বিদ্যালয়ে বর্তমানে কর্মরত রয়েছেন সাতজন শিক্ষক ও একজন কর্মচারী। এর বাইরে প্রধান শিক্ষক, সাতজন শিক্ষক ও চারজন কর্মচারীর পদ শূন্য রয়েছে। গত বছরের ১২ সেপ্টেম্বর বিদ্যালয়ের ১১ সদস্যের পরিচালনা কমিটির সভাপতি হন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম রুহুল আমিন। এই কমিটির মেয়াদ দুই বছর। গত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন বিলে স্বাক্ষর করেননি রুহুল আমিন।

ভুক্তভোগী ব্যক্তিরা বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) হাতে। তবে প্রধান শিক্ষক ও কর্মচারীর শূন্য পদে নিয়োগ পরিচালনা কমিটির হাতে। গত সেপ্টেম্বরে বিদ্যালয়ের সভাপতি হওয়ার পর থেকে শূন্য থাকা প্রধান শিক্ষক ও চারজন কর্মচারীর পদে নিয়োগ–বাণিজ্য করে অর্থ উপার্জন করাকে পাখির চোখ করেন এম এম রুহুল আমিন। এ জন্য নিয়োগে তাড়াহুড়া শুরু করেন তিনি। তাঁর নির্দেশে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সাঈদ মো. মুত্তালিব আলী গত বছরের ৬ নভেম্বর পত্রিকায় এ পাঁচ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেন। ওই বিজ্ঞপ্তির ছয় মাস পর্যন্ত মেয়াদ রয়েছে। কিন্তু এরপরই পরিচালনা কমিটির বাকি ১০ সদস্যের সঙ্গে সভাপতির মতবিরোধ তৈরি হয়।

শিক্ষক-কর্মচারী ও স্থানীয় লোকজন বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির ১১ সদস্যের মধ্যে সভাপতি বাদে চারজন অভিভাবক সদস্য, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দুজন শিক্ষক প্রতিনিধি, একজন সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে একজন বিদ্যোৎসাহী ও একজন দাতা সদস্য রয়েছেন। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছেন, চার কর্মচারী পদে নিয়োগ দিতে হবে চার গ্রামের বাসিন্দাদের মধ্য থেকে। প্রধান শিক্ষক করতে হবে কর্মরত শিক্ষকদের মধ্য থেকেই একজনকে। তবে সভাপতি এতে রাজি নন। তিনি এসব পদে ইতিমধ্যে তাঁর নিজস্ব প্রার্থীদের কাছ থেকে কয়েক লাখ করে টাকা নিয়েছেন। পছন্দের প্রার্থীদেরই কেবল নিয়োগ দিতে মরিয়া তিনি। পরিচালনা কমিটির বাকি ১০ সদস্য এতে নারাজি থাকায় নিয়োগ বিলম্বিত করার পক্ষে রয়েছেন।

ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি আবুল কাশেম বলেন, তিনি এখন ওই বিদ্যালয়ের নির্বাচিত অভিভাবক সদস্য পদে রয়েছেন। রুহুল আমিন সভাপতি হওয়ার পরে মোটা অঙ্কের নিয়োগ–বাণিজ্য করার চেষ্টা করছেন বলে তিনি এর প্রতিবাদ করেন। আবুল কাশেম বলেন, যেহেতু চারটি গ্রামের নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত, অন্তত দুটি গ্রামের দুজনকে নিয়োগ দেওয়ার প্রস্তাব দেন কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যরা। কিন্তু সভাপতি কোনো অনুরোধ রাখবেন না বলে জানিয়ে দিয়েছেন। নিয়োগ নিয়ে ঠেলাঠেলির মধ্যে পড়ে গিয়ে শিক্ষক-কর্মচারীরা চার মাস ধরে বেতন পাচ্ছেন না।

বিদ্যালয়ের শিক্ষক প্রশান্ত সরকার বলেন, তাঁর এক ছেলে বুয়েটে পড়েন। চার মাস বেতন না পেয়ে তিনি ছেলের লেখাপড়ার খরচ দিতে পারছেন না। অন্যান্য শিক্ষকেরা বলেন, এমনিতেই বেতন পাওয়ার আগেই ধার করে চলতে হয়। বেতন পেলে সেই টাকা শোধ করতে হয়। চার মাস বেতন না পেয়ে তাঁরা ধার করেও চলতে পারছেন না। নিদারুণ অর্থকষ্টে রয়েছেন। বিদ্যালয়ের দপ্তরি আবুল হোসেন বলেন, বেতনের পয়সায় তাঁর সংসার চলে। চার মাস বেতন না পেয়ে একপ্রকার খেয়ে না খেয়ে দিন চলছে তাঁর।

এদিকে শিক্ষকেরা বারবার সভাপতির কাছে বেতন ছাড় করানোর জন্য বললেও তিনি একই কথা বলছেন, নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত বেতন বিলে স্বাক্ষর করবেন না। নিরুপায় হয়ে শিক্ষক-কর্মচারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গত রোববার বেতন পাওয়ার জন্য আবেদন করেন। এর আগে পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরাও শিক্ষকদের বেতন দেওয়ার জন্য ইউএনওর কাছে আবেদন করেন।

জানতে চাইলে পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন বলেন, তিনি নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করে বিদ্যালয়কে এগিয়ে নিতে চান। নিয়োগ–বাণিজ্যের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ৩৫ বছর তিনি একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর নৈতিক চরিত্র নিয়ে প্রশ্ন তোলা ভিত্তিহীন।

কেশবপুরের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশিদ বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। তিনি বিদ্যালয়ে যাবেন এবং বেতন দেওয়ার ব্যাপারে সভাপতির সঙ্গে কথা বলবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান বলেন, তিনি একটি আবেদন পেয়েছেন। বিষয়টি খোঁজখবর নেবেন।