নাশকতার মামলায় নারায়ণগঞ্জে বিএনপির ৬৬ নেতার বিরুদ্ধে বিচার শুরু

আদালত
প্রতীকী ছবি

নাশকতার অভিযোগে পুলিশের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতাসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৬৬ নেতা–কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমানের আদালত তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার পরবর্তী শুনানি আগামী ২০ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।

এ সময়ে মামলার আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন, খোরশেদ আলম, সিদ্দিকুর রহমান, কামাল হোসেন।

যাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হলেন—বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, সিনিয়র সহসভাপতি মতিউর রহমান, সহসভাপতি সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দিন, আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুম।

আসামিপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, রাজনৈতিক কারণে নাশকতার অভিযোগে পুলিশ এ মামলা করেছে। মিথ্যা ও হয়রানিমূলক এ মামলায় বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

এ বিষয়ে আদালতের সরকারি কৌঁসুলি মনিরুজ্জামান বুলবুল প্রথম আলোকে বলেন, বিএনপির ৬৬ নেতা–কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আদালত আগামী ২০ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন।