
গতকাল শুক্রবার নারায়ণগঞ্জে শিবু মার্কেটে ছোট বোনের বাড়িতে এসেছিলেন গৃহিণী সাবিনা আক্তার। বেড়ানো শেষে আজ শনিবার সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর যাওয়ার উদ্দেশে বোনের বাসা থেকে বের হন তিনি। কিন্তু বাস না পেয়ে ৯ মাসের কোলের সন্তান সাব্বিরকে নিয়ে শিবু মার্কেট থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় ২০ টাকা ভাড়া দিয়ে সাইনবোর্ড এলাকায় আসেন তিনি। হাতে ব্যাগ, কোলের সন্তানসহ এক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো গাড়িতে উঠতে পারেননি তিনি।
আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় সাবিনা আক্তারের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। গাড়ি এলেই তাতে ওঠার জন্য তাঁকে ছুটে যেতে দেখা যায়। তিনি বলেন, গাড়ি যদি না পান, তাহলে বোনের বাসায় আবার ফিরে যাবেন তিনি।
একই ধরনের বিপাকে পড়েছেন শহরের নন্দীপাড়া এলাকার বাসিন্দা খোকন মিয়া। তিনি প্রথম আলোকে বলেন, জরুরি পারিবারিক প্রয়োজন সদরঘাটে যাবেন। কিন্তু নারায়ণগঞ্জের সব কটি বাস কাউন্টারে গেলেও গাড়ি পাওয়া যায়নি। ভেঙে ভেঙে ৬০ টাকা খরচ করে সাইনবোর্ডে এসেছেন। কিন্তু এখন সাইনবোর্ড থেকে ঢাকায় যেতে কোনো গাড়ি পাচ্ছেন না। সিএনজিচালিত অটোরিকশা যেতে রাজি হলেও ভাড়া দুই থেকে তিন গুণ বেশি হাঁকছে বলে তিনি জানান।
মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় আজ গণপরিবহন কম চলাচল করছে। মহাসড়কের এমন ফাঁকা অবস্থা সচরাচর দেখা যায় না। বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের মহাসমাবেশ ঘিরে নারায়ণগঞ্জ থেকে রাজধানীর প্রবেশমুখে সাতটি জায়গায় তল্লাশি চালাচ্ছে ডিবি পুলিশ ও পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে বিপুলসংখ্যক পুলিশকে সাঁজোয়া যান ও জলকামান নিয়ে অবস্থান নিতে দেখা যায়। পুলিশি তৎপরতায় গাড়ি কম চলাচল করলেও অনেকক্ষণ পরপর দুটি একটি গাড়ি আসলেই তল্লাশি চালান পুলিশ সদস্যরা। সেসব গাড়িতে উঠতে হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা।
শহরের তল্লা এলাকার বাসিন্দা কবির হোসেন বলেছেন, বোনকে নিয়ে তিনি বিমানবন্দর যাবেন। কিন্তু নারায়ণগঞ্জ থেকে ঢাকার কোনো গাড়ি পাননি। সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে বিমানবন্দর যাচ্ছেন। তিনি বলেন, রাজনৈতিক দলের সমাবেশের কারণে সাধারণ মানুষকে এভাবে ভোগান্তি দেওয়ার কোনো মানে হয় না।
এদিকে গণপরিবহন না পাওয়ায় অনেককে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে। বিএনপির কর্মী–সমর্থকদের সাধারণ মানুষের সঙ্গে মিশে ঢাকার দিকে যেতে দেখা গেছে। অনেকে পুলিশের চেকপোস্ট এড়িয়ে ভেতরের সড়ক দিয়ে বিচ্ছিন্নভাবে ঢাকায় মহাসমাবেশে যাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির একাধিক নেতা।
মদনপুর এলাকার বাসিন্দা আল আমিন বলেন, ‘পুলিশ আমাদের গাড়িতে উঠে তল্লাশি চালিয়েছে। সমস্যা আছে কি না জানতে চেয়েছে, কোথায় যাচ্ছি? কেন যাচ্ছি? সঙ্গে থাকা ব্যাগে কী আছে, সেসব বিষয়ে জানতে চেয়েছে।’
বিএনপির কর্মসূচির কারণে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, নেতা-কর্মীরা যাতে ঢাকায় মহাসমাবেশে অংশ নিতে না পারেন—এ কারণে সরকারি দল ও পুলিশ চাপ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। চেকপোস্টে তল্লাশির নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেতা-কর্মীদের হয়রানি করছে। তিনি আরও বলেন, এত কিছু করেও নেতা-কর্মীদের ঢল থামিয়ে রাখা যাবে না। তারা সব বাধাবিপত্তি উপেক্ষা করে মহাসমাবেশে সফল করবে।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে গণপরিবহন কম চলাচলের বিষয়ে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রওশন আলী প্রথম আলোকে বলেন, নিরাপত্তার স্বার্থে বাস কম চলাচল করছে। কিছু গাড়ির মালিক বাস চালাচ্ছেন। আবার অনেক মালিক ঝামেলা হতে পারে মনে করে গাড়ি কম চালাচ্ছেন। যাত্রীভোগান্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যাত্রীরা ট্রেনে যাচ্ছেন। বিকল্প উপায়ে যাচ্ছেন। সকাল থেকে আমরা যে কয়টি গাড়ি চালিয়েছি, সেগুলো ঢাকা থেকে এলে তাঁরা যাবেন।’
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা প্রথম আলোকে বলেন, পুলিশ মহাসড়কে নিরাপত্তার স্বার্থে চেকপোস্টে তল্লাশি চালাচ্ছে। যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে না। শনিবার বন্ধের দিন থাকায় মানুষ ঘর থেকে কম বের হচ্ছে—এ কারণে গাড়ি কম চলাচল করছে। পুলিশ গাড়ি চলাচলে কোনো বাধা দিচ্ছে না।