
নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারীকে (৩০) চাকরির কথা বলে নিয়ে গিয়ে অপহরণের পর মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় লোহাগড়া থানায় অভিযোগ দেওয়া হলেও গত সাত দিনে পুলিশ মামলা নেয়নি বলেও অভিযোগ করেছেন ওই নারীর স্বজনেরা। রোববার বিকেলে তাঁরা সংবাদ সম্মেলন করেন।
এতে লিখিত বক্তব্য পড়ে শোনান ওই নারীর শারীরিক প্রতিবন্ধী স্বামী। এই দম্পতির দশম শ্রেণিপড়ুয়া এক মেয়ে ও সপ্তম শ্রেণিপড়ুয়া এক ছেলে রয়েছে। সংবাদ সম্মেলনে ওই মেয়ে ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।
ওই নারীর স্বামী সংবাদ সম্মেলনে বলেন, তাঁর স্ত্রী গত ৩০ জুলাই বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হন। এর তিন দিন পর একটি মুঠোফোন নম্বর থেকে একের পর এক কল করে তাঁকে ৩০ হাজার টাকা পাঠাতে বলেন তিনি। সর্বশেষ গত শুক্রবার দুপুরে ৩৫ হাজার টাকা পাঠাতে বলে তাঁর স্ত্রী জানান, টাকা না দিলে তাঁকে বিক্রি করে দেবে অপহরণকারী ব্যক্তিরা। এরপর আর কোনো যোগাযোগ হয়নি।
ভিডিও কলে টাকা দাবি করার সময় অপহরণকারীদের একজনের স্ক্রিনশট ও কলের ভয়েস রেকর্ড রেখে দিয়েছেন বলে জানান ওই নারীর স্বামী। অভিযোগ করে তিনি বলেন, ঘটনার পরদিন ৩১ জুলাই লোহাগড়া থানায় অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। মামলাও হয়নি।
শারীরিক প্রতিবন্ধী এই ব্যক্তি বলেন, ‘আমার স্ত্রীকে আটকে রেখে তাঁকে দিয়ে কল করিয়ে টাকা চাওয়াচ্ছে অপহরণকারীরা। গ্রামের এক যুবক চাকরির কথা বলে তাঁকে নিয়ে গেছে। ওই যুবক নারী পাচারকারী চক্রের সঙ্গে জড়িত।’
জানতে চাইলে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রাপ্তবয়স্ক নারী চলে গেছে, তাই মামলা নিইনি। ওই নারীকে উদ্ধারের চেষ্টা করছি।’