সন্ত্রাসী মো. রায়হান
সন্ত্রাসী মো. রায়হান

দুর্গম পাহাড়ে অস্ত্রের কারখানা

এবারও পুলিশের চোখ ফাঁকি দিলেন সন্ত্রাসী রায়হান, পালালেন পিস্তল রেখে

পুলিশ তাঁকে খুঁজছে। এর মধ্যে দুর্গম পাহাড়ে আস্তানা গড়ে সেখানেই অস্ত্র তৈরির কারখানা চালু করেছিলেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. রায়হান। ওই কারখানায় অস্ত্র তৈরি করে সহযোগীদের মাধ্যমে বিক্রিও করতেন তিনি। আস্তানায় পুলিশের অভিযানের আগেই পালিয়ে যান রায়হান। তবে তাঁর ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি ৭ দশমিক ৬৫ এমএম পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪টি গুলি এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ফটিকছড়ির দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছিলেন তালিকাভুক্ত সন্ত্রাসী রায়হান। সেখানে অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ড্রিল মেশিন, গ্রাইন্ডার মেশিন, অস্ত্রের নল, ট্রিগার, স্প্রিংসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। কারখানাটিতে তৈরি অস্ত্র রায়হান ও তাঁর সহযোগীরা বিক্রি করতেন। তাঁকে ধরতে টানা চার দিন অভিযান চালিয়ে ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে অংশ নেওয়া অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ প্রথম আলোকে বলেন, রায়হান ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে ২২ নভেম্বর থেকে ধারাবাহিক অভিযান শুরু হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে তল্লাশি ও চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।

রায়হান ফটিকছড়ির ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে ২২ নভেম্বর ভূজপুর থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় ২৩ নভেম্বর হাজীরখিল কোদালিয়া টিলার পাহাড়ি এলাকায় দিনভর অভিযান চালানো হয়। সেখানে অস্ত্রের বাঁট, ট্রিগার, নল, ট্রিগার গার্ড, স্প্রিং, কাউন্টার রিকয়েল, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার মেশিনসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। এ ছাড়া দুটি শটগানের কার্তুজ ও দুটি খালি খোসা উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ওই পাহাড়ি এলাকায় অবস্থান করেই রায়হান ও তাঁর সহযোগীরা অস্ত্র তৈরি করতেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা আরও গভীর পাহাড়ে পালিয়ে যান।

পুলিশের অভিযানের মুখে ওই দিন সন্ধ্যা পৌনে আটটার দিকে রায়হান সহযোগীদের নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে করে এলাকা ছাড়ার চেষ্টা করেন। সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় স্থানীয় লোকজন তাঁদের গতিরোধের চেষ্টা করলে রায়হান ও তাঁর সহযোগীরা এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে শটগানের গুলিতে ছয়জন সাধারণ মানুষ আহত হন। এ সময় স্থানীয় লোকজন রায়হানের সহযোগীদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক মো. জাবেদ হোসেনকে আটক করেন।

এরপর ২৪ নভেম্বরও অভিযান অব্যাহত রাখে পুলিশ। পরদিন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রায়হান ও তাঁর আশ্রয়দাতা এজাহার মিয়া খাগড়াছড়ি থেকে সহযোগীদের মাধ্যমে গুলি সংগ্রহের চেষ্টা করছেন। এ তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে চেকপোস্ট ও তল্লাশি জোরদার করা হয়।

২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভূজপুরের কাজীরহাট–সংলগ্ন কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে রায়হানের দুই সহযোগী মো. এমরান হোসেন মাসুদ (২০) ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে (২১) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও শটগানের ১০টি সিসার কার্তুজ উদ্ধার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মো. ইকতিয়ার ফরহাদকে (২০)। তাঁর শোবার ঘর থেকে একটি একনলা বন্দুক ও পিস্তলের চারটি গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, বন্দুকটি এজাহার মিয়ার এবং পিস্তলের গুলিগুলো রায়হান তাঁর কাছে রেখেছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। আজ বিকেলে

পিস্তল রেখে পালান রায়হান

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, সুয়াবিল ইউনিয়নের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম পাহাড়ে এজাহার মিয়ার ঘনিষ্ঠ সহযোগী মো. মহররম আলীর (২৮) বাড়িতে আত্মগোপনে ছিলেন রায়হান। সেখানে অভিযান চালিয়ে মহররম আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেখানো মতে, বাড়ি থেকে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি একটি ৭ দশমিক ৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮টি গুলি উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে মহররম আলী জানান, ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত রায়হান তাঁর বাড়িতে ছিলেন। পরে অন্যত্র চলে যাওয়ার সময় নিজের ব্যবহৃত পিস্তল ও গুলি তাঁর কাছে রেখে যান। এ ছাড়া কাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার সহযোগী জনার্ধন দেকে (৬৫) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে আরও একটি পিস্তল থাকার তথ্য পেলেও সেটি অন্যত্র সরিয়ে ফেলায় উদ্ধার করা সম্ভব হয়নি।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, রায়হানকে গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের বিষয়ে তদন্ত চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী তিনি। অস্ত্রের মুখে হুমকি ও চাঁদাবাজির পাশাপাশি অস্ত্র তৈরি এবং ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে তৈরি করা অস্ত্র কাদের কাছে বিক্রি করতেন, কত দিন ধরে এই কারবার চালিয়ে আসছিলেন এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা তদন্ত করে দেখছে পুলিশ।