কিশোরগঞ্জে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই মোটরসাইকেল আরোহীর নাম আবু সাঈদ (৩৬)। তিনি কোরআনের হাফেজ। তাঁর বাড়ি করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের মানিকপুর এলাকায়। তিনি পরিবার নিয়ে নগুয়া এলাকায় বাস করতেন। তিনি কিশোরগঞ্জ ক্যাডেট মাদ্রাসা অ্যান্ড প্রিক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে আবু সাঈদ কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকা থেকে মোটরসাইকেলে নগুয়া এলাকায় কিশোরগঞ্জ ক্যাডেট মাদ্রাসা অ্যান্ড প্রিক্যাডেট স্কুলে যাচ্ছিলেন। এই সময় কিশোরগঞ্জ পৌর কার্যালয়ের সামনে একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেলে করিমগঞ্জের গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আবু সাঈদের লাশ দাফন করা হবে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা সড়ক দুর্ঘটনায় হাফেজ আবু সাঈদের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।