খুলনায় ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু

ডেঙ্গু জ্বর একটি ভাইরাসবাহিত রোগ, যা এডিস ইজিপ্টি মশার কামড়ের মাধ্যমে ছড়ায়
ফাইল ছবি: রয়টার্স

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে তার মৃত্যু হয়। এ নিয়ে ওই হাসপাতালে এ বছর আটজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর আগে সর্বশেষ ১৬ নভেম্বর হাসপাতালটিতে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

আজ ভোরে যে কিশোরীর মৃত্যু হয়েছে তার নাম ফিরোজা (১৬)। তার বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর ২৪ নভেম্বর তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এই হাসপাতালে এ পর্যন্ত যে আটজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে, তার মধ্যে পাঁচজনের বয়স ২০ বছরের নিচে। ৮ ও ১২ বছরের দুই শিশুও রয়েছে ওই তালিকায়। মৃত আটজনের মধ্যে ছয়জন খুলনা মহানগরের আর আরেকজনের বাড়ি নড়াইলে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ও কোভিড ইউনিটের মুখপাত্র সুহাস রঞ্জন হালদার বলেন, আজ সকাল পর্যন্ত হাসপাতালে ৫৪ ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। গতকাল শনিবার সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন সাতজন। আর ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।