কক্সবাজারের পাঁচ তারকা হোটেল বে-ওয়াচ
কক্সবাজারের পাঁচ তারকা হোটেল বে-ওয়াচ

কক্সবাজারে পাঁচ তারকা হোটেলের সুইমিং পুলে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার মেরিন ড্রাইভ এলাকার পাঁচ তারকা একটি হোটেলের সুইমিং পুলে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ইনানী সৈকতে ‘হোটেল বে-ওয়াচ’ নামের একটি হোটেলে এ ঘটনা ঘটে। ওই পর্যটক পরিবারের সদস্যদের নিয়ে গোসলে নেমেছিলেন। পুলিশের ধারণা, হৃদ্‌রোগে তাঁর মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ওই পর্যটকের নাম মিরাজ আহমদ (৩৮)। তাঁর বাড়ি মুন্সিগঞ্জে। প্রত্যক্ষদর্শীরা জানান, সুইমিং পুলে গোসলে নামার পর তিনি অচেতন হয়ে পড়েন। পরে হোটেল কর্তৃপক্ষ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হোটেল কর্তৃপক্ষ জানায়, স্ত্রী-সন্তানসহ দুই দিনের ভ্রমণে গত সোমবার মুন্সিগঞ্জ থেকে কক্সবাজারে আসেন মিরাজ আহমদ। এরপর তাঁরা ইনানীর বে–ওয়াচ হোটেলে ওঠেন। গতকাল বেলা তিনটার দিকে পরিবারের সদস্যদের নিয়ে তিনি সুইমিং পুলে গোসল করতে নামেন। তবে এর কিছুক্ষণ পরই তিনি অচেতন হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার প্রথম আলোকে বলেন, সুইমিং পুলে সাঁতার কাটার সময় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অচেতন হয়ে পড়েন মিরাজ আহমদ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিরাজ আহমদ আগে থেকেই হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। এ বিষয়ে উখিয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ আজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।