বিএনপি নেতা নুরুল ইসলামকে সহায়তা করায় গ্যারেজে তালা

মঠবাড়িয়া উপজেলা পরিষদ এলাকায় সাইদুর রহমানের গাড়ির গ্যারেজ তালাবদ্ধ অবস্থায় রয়েছে। আজ বুধবার বেলা সোয়া তিনটার দিকে তোলা
ছবি: প্রথম আলো।

বরগুনা-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনির হামলায় আহত হওয়ার পর তাঁকে উদ্ধার করে মোটরসাইকেলে মঠবাড়িয়া নিয়ে যান সাইদুর রহমান। গতকাল মঙ্গলবার এ ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা মঠবাড়িয়া শহরে সাইদুর রহমানের গাড়ির গ্যারেজে তালা মেরে দেন।

সাইদুর রহমান মঠবাড়িয়া পৌরসভার গাড়িচালক। এর পাশাপাশি তিনি মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহমেদের গাড়িচালক হিসেবে কাজ করেন। সাইদুর রহমানের কয়েকটি অ্যাম্বুলেন্স আছে। মঠবাড়িয়া শহরে তাঁর গাড়ি রাখার গ্যারেজ রয়েছে।

গত রোববার বিকেলে নুরুল ইসলাম ঢাকা থেকে সড়কপথে পাথরঘাটা যাচ্ছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের সিএনবি সেতু পার হয়ে তিনি পাথরঘাটায় ঢুকলে আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যানের নেতৃত্বে তাঁর ওপর হামলা হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশত লোক আহত হন। নুরুল ইসলাম মঠবাড়িয়ার সিএনবি এলাকায় অবস্থান করেন। পরে সাইদুর রহমান মোটরসাইকেলে করে তাঁকে মঠবাড়িয়ার গুলিসাখালীতে নিয়ে যান।
সাইদুর রহমানের মোটরসাইকেলে নুরুল ইসলাম বসে আছেন—এমন একটি ছবি গতকাল সকালে ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে দুপুরের দিকে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা সাইদুর রহমানের গাড়ির গ্যারেজে তালা দিয়ে দেন। আজ বুধবার বেলা তিনটা পর্যন্ত ওই গ্যারেজে তালা দেওয়া ছিল।

হামলার পর সাইদুর রহমান বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলামকে মোটরসাইকেলে করে মঠবাড়িয়ায় নিয়ে যান

মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য শাকিল বাবু বলেন, নুরুল ইসলাম বিএনপির শাসনামলে পাথরঘাটায় আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলা-মামলা দিয়ে হয়রানি করেছেন। এ কারণে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় যেতে পারছেন না। গত রোববার তিনি মঠবাড়িয়া হয়ে সড়কপথে পাথরঘাটা যাওয়ার সময় সেখানকার নির্যাতনের শিকার লোকজন তাঁকে বাধা দেন। সাইদুর রহমান গিয়ে নুরুল ইসলামকে উদ্ধার করে মঠবাড়িয়া নিয়ে আসেন। এ কারণে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে সাইদুর রহমানের গাড়ির গ্যারেজে তালা মেরে দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদের সঙ্গে নুরুল ইসলামের পরিবারের সুসম্পর্ক রয়েছে। রফিউদ্দিনের সঙ্গে নুরুল ইসলামের ছোট ভাই সাইফুল ইসলাম ওরফে জামালের ঢাকায় যৌথ ব্যবসা রয়েছে। তবে এ বিষয়ে জানতে রফিউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

তবে সাইদুর রহমান বলেন, ‘ঘটনার সময় আমি ওই পথ দিয়ে যাচ্ছিলাম। এ সময় জামাল ভাই ডেকে বলেন নুরুল ইসলামকে একটু সামনে নিয়ে যেতে। আমাকে ওখানে কেউ যেতে বলেননি।’

সাইদুর রহমান আরও বলেন, আওয়ামী লীগ ও যুবলীগে কয়েকজন তাঁর প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দিয়েছেন। এ বিষয়ে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলেছেন। তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ধৈর্য ধরতে বলেছেন।