
সময় দিবাগত রাত প্রায় দেড়টা। চুরির উদ্দেশ্যে একটি বাড়িতে ঢোকেন দুই ব্যক্তি। একজনের হাতে টর্চলাইট ও ছুরি। এরপর কৌশলে ঘরে ঢুকে চুরি করেন মূল্যবান জিনিসপত্র। বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এসব দৃশ্য।
গত মঙ্গলবার লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে যে দুজনকে দেখা গেছে, তাঁদের একজনের নাম সাহাব উদ্দিন। তাঁর হাতে ছুরি ও টর্চলাইট ছিল। ১ মিনিট ৮ সেকেন্ডের এ ভিডিওতে তাঁকে চুরির নির্দেশনা দিতে দেখা গেছে। তিনি উপজেলার চরশাহী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও চন্দ্রগঞ্জ থানা কৃষক দলের সদস্য। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গতকাল বুধবার রাতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
পুলিশ জানায়, যে বাড়িতে চুরি হয়েছিল, এটি সুমন হোসেন নামের এক ব্যক্তির। এ ঘটনায় গতকাল রাতে চন্দ্রগঞ্জ থানায় মামলা হয়েছে। এতে কৃষক দল নেতাসহ দুজনকে আসামি করা হয়। তবে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত তাঁদের কেউ গ্রেপ্তার হননি।
এদিকে গতকাল রাতে সাহাব উদ্দিনকে দল থেকে বহিষ্কারে বিষয়টি এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়। জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম এ বিজ্ঞপ্তিতে সই করেন। এতে উল্লেখ করা হয়, দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাহাব উদ্দিনকে দলীয় সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
জানতে চাইলে জেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম প্রথম আলোকে বলেন, ‘চুরির ভিডিওটি আমাদের নজরে এসেছে। এ ধরনের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে সাহাব উদ্দিনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, চুরির ঘটনায় দুজনকে আসামি করে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। চুরির ভিডিওটি মামলার আলামত হিসেবে রাখা হয়েছে।