
পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা কমিটির সভাপতি আবদুল ওহাবসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে জেলা শহরের আবদুল হামিদ সড়কের ইন্দিরা মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পুলিশের দাবি, তাঁরা শহরে নাশকতা সৃষ্টি ও মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।
পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল সাড়ে ছয়টার দিকে শহরে নাশকতার পরিকল্পনা নিয়ে একটি মাইক্রোবাসে করে এসে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। মামলা হলে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এর আগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি সুজানগর উপজেলার মথুরাপুর এলাকা থেকে আবদুল ওহাবকে আটক করে পুলিশ। তাঁকে পুলিশ ভ্যানে তোলার পর স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীরা তাঁকে ছিনিয়ে নেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এ ঘটনায় আট পুলিশ সদস্য আহত হন। ঘটনার তিন দিন পর ৫ ফেব্রুয়ারি আবদুল ওহাবকে আবার গ্রেপ্তার করে পুলিশ।
পরে জামিনে মুক্ত হয়ে আবদুল ওহাব ও তাঁর সমর্থকেরা সুজানগর এলাকায় আওয়ামী লীগের কার্যক্রমে সক্রিয় হওয়ার চেষ্টা করেন বলে জানায় পুলিশ। চলতি বছরের ২৩ এপ্রিল রাতে মথুরাপুরে অভিযান চালিয়ে আবদুল ওহাবসহ নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতা–কর্মীকে আটক করে পুলিশ। কয়েক সপ্তাহ পর তাঁরা জামিনে মুক্তি পান।