বাংলাদেশ-ভারত সীমান্ত
বাংলাদেশ-ভারত সীমান্ত

পঞ্চগড় সীমান্তে সাতজনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, ঠেকাল বিজিবি

পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে নারীসহ সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের বাধার মুখে তাঁরা ভারতে ফিরে গেছেন।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মালকাডাঙ্গা সীমান্তের কাঁটাতারের বেড়াবিহীন এলাকা দিয়ে তাঁরা ভারতে ফিরে যান। ঠেলে পাঠানো সাতজনের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন।

আজ বুধবার সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল সকালে মালকাডাঙ্গা সীমান্ত এলাকায় সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছিল বিএসএফ। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা বাধা দেন। এতে তাঁরা সীমান্তের কাছাকাছি অবস্থান নেন। দিনভর সীমান্ত এলাকায় অবস্থানের পর রাতে বিজিবির কঠোর অবস্থানের কারণে ওই সাতজন একই সীমান্ত দিয়ে ভারতে ফিরে যান।

বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফ একজন নারীসহ সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠাতে ব্যর্থ হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফ একজন নারীসহ সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠাতে ব্যর্থ হয়েছে।