সাভারের বলিয়ারপুরে আরিচা মহাসড়ক সংলগ্ন একটি গ্যারেজের সামনে মেরামতের উদ্দেশে রাখা বাসে অগ্নিসংযোগ করা হয়। গতকাল শনিবার দিবাগত রাতে
সাভারের বলিয়ারপুরে আরিচা মহাসড়ক সংলগ্ন একটি গ্যারেজের সামনে মেরামতের উদ্দেশে রাখা বাসে অগ্নিসংযোগ করা হয়। গতকাল শনিবার দিবাগত রাতে

ট্রেনে–বাসে আগুন, গাছ কেটে সড়ক অবরোধ, পেট্রলবোমা–ককটেল বিস্ফোরণ—২০ জেলায় নাশকতা

সরকারি–বেসরকারি বিভিন্ন স্থাপনায় পেট্রলবোমা হামলার পাশাপাশি আগুন দেওয়া হয়েছে বাস ও ট্রেনে। রেলপথের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা হয়েছে। গাছ কেটে সড়ক–মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকটি জেলায়। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার দুপুর পর্যন্ত দেশের অন্তত ২০ জেলায় নাশকতা, সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে।

প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, চট্টগ্রাম, জামালপুর, দিনাজপুর, ঢাকা, রাজশাহী, খুলনা, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী, বরগুনা, রংপুর, সিরাজগঞ্জ, গাজীপুর, ফেনী, নোয়াখালী, কক্সবাজার ও কুমিল্লায় এসব ঘটনা ঘটে। এর বাইরে কিছু এলাকায় নাশকতার চেষ্টা করা হয়েছে।

গোপালগঞ্জ

গোপালগঞ্জের বিভিন্ন সড়ক ও মহাসড়কের বেশ কিছু স্থানে গাছ কেটে, বিদ্যুতের খুঁটি ফেলে গতকাল রাত থেকে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। অবরোধের কারণে গোপালগঞ্জ থেকে দূরপাল্লার ও আন্তজেলা বাস চলাচল বন্ধ আছে।

ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাসপুরের ফকিরকান্দ, হরিদাসপুর সেতু, নিমতলা মোড়, ডুমদিয়া বাসস্ট্যান্ড, সোনারসুর, বিজয়পাশা, পাইককান্দি, চন্দ্রদিঘলিয়া ও গোপীনাথপুর এলাকায় সড়কে গাছের গুঁড়ি, বিদ্যুতের খুঁটি ও গাছ কেটে আজ সকাল থেকে প্রতিবন্ধকতা তৈরি করা হয়।

গোপালগঞ্জ-বরিশাল সড়কের বেদগ্রাম, মাঝিগাতী, কাঠি, দত্তডাঙ্গা ও কাজুলিয়া এলাকায়ও সড়কের পাশের গাছ কেটে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার, পল্লী উন্নয়ন একাডেমির সামনে, ওয়ালারহাট, সিকির বাজার ও পয়সার হাট এলাকায়ও প্রতিবন্ধকতা তৈরি করা হয়। মুকসুদপুর কলেজ মোড়, বড়ইতলা ও আশপাশের সড়কেও অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

এ বিষয়ে কথা বলতে গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি ধরেননি। পরে পুলিশ সুপার কার্যালয়ে গিয়েও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকেরা। এ সময় মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়

শরীয়তপুর

শরীয়তপুরের জাজিরায় ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে আজ ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আওয়ামী লীগের দুই কর্মী নিহত হয়েছেন। তাঁরা হলেন ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েক শ নেতা–কর্মী ও সমর্থক নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ের কাছে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবস্থান নেন। গতকাল রাত থেকেই কর্মসূচি প্রতিহত করতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা ওই এলাকায় অবস্থান করছিলেন।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় কয়েক দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। তাঁরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। সকাল সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান।

গাছ কেটে সড়কে ফেলে রাখা হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। আজ রোববার সকাল পৌনে ১০ টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায়

মাদারীপুর

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় আজ ভোর থেকে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁরা টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে তাঁদের অবস্থানের কারণে যাতায়াতকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুরসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে সেখান থেকে ধাওয়া দিয়ে নয়জনকে আটক করে পুলিশে দেন বিএনপির নেতা–কর্মীরা।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, আন্দোলনের নামে নাশকতা ঠেকাতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, এসআরবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

জামালপুর

জামালপুরে রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা। এতে জামালপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলপথে প্রায় আট ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে রেলওয়ে কর্তৃপক্ষ লাইন মেরামত করলে আজ দুপুর ১২টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোরে জামালপুর সদর উপজেলার জোকারপাড়া এলাকায় একদল দুর্বৃত্ত রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে ফেলে। এতে রেললাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেন।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

জামালপুরে রেললাইনের ফিশপ্লেট-ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করা হয়। পরে রেলওয়ে প্রকৌশলীরা তা মেরামত করেন। আজ রোববার সকালে সদর উপজেলার জোকারপাড়া এলাকায়

দিনাজপুরের পার্বতীপুর

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর রেলস্টেশনের আউটার সিগন্যালের সামনে গতকাল দিবাগত রাত ১০টার দিকে পার্বতীপুর-ভবানীপুর রেলপথে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে দুর্ঘটনা থেকে রক্ষা পায় ঢাকাগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি।

স্থানীয় বাসিন্দা ও রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকাগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস গতকাল রাত পৌনে ১০টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে যায়। পথে পার্বতীপুর-ভবানীপুর রেলপথে ভবানীপুর আউটার সিগন্যালের সামনে আগুন জ্বলতে দেখে চালক ট্রেনটি আউটার সিগন্যাল আসার আগেই থামাতে সক্ষম হন।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবী জানান, আগুন নিভিয়ে পোড়া টায়ার উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

পাবনা

পাবনার বেড়া মডেল থানায় বল্লম নিয়ে হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা। এ সময় ককটেলও নিক্ষেপ করা হয়। আজ রোববার ভোর চারটার দিকে থানার পাশে বেড়া পৌর এলাকার শম্ভুপুর মহল্লা থেকে অর্ধশতাধিক ব্যক্তি এ হামলা চালান বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ এ সময় ১২টি কাঁদানের গ্যাসের শেল ও ১২৩টি রাবার বুলেট ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। হামলাকারীরা পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন এবং আল হামরা পরিবহনের যাত্রীবাহী বাস ভাঙচুর করেন।

থানায় হামলার খবর ছড়িয়ে পড়লে বেড়া পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী থানার ফটকে অবস্থান নেন।

বেড়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বলে পুলিশ জানতে পেরেছে। এ ছাড়া হামলার পর স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ফেসবুকে থানায় হামলার কথা জানিয়ে পোস্ট দেওয়া হয়েছে। পুলিশ আগে থেকেই এ ধরনের হামলার আশঙ্কায় সতর্ক ছিল। হামলার বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত পাল্টা ব্যবস্থা নেওয়ায় অল্প সময়ের মধ্যেই হামলাকারীদের ছত্রভঙ্গ করা সম্ভব হয়।

ঢাকার সাভার

ঢাকার সাভারের পৃথক দুটি স্থানে দাঁড় করিয়ে রাখা বাসে আগুনের ঘটনা ঘটেছে। সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা জানান, সাভারের বলিয়ারপুরে ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন একটি গ্যারেজের সামনে শ্যামলী পরিবহনের একটি বাস মেরামতের জন্য রাখা ছিল। গতকাল দিবাগত রাত ১২টার দিকে ওই বাসে আগুন দেখতে পান কয়েক ব্যক্তি। পরে তাঁরা বিষয়টি সাভার ফায়ার সার্ভিস স্টেশনকে জানান।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ব্যবহার করে আধা ঘণ্টার মধ্যে আগুন নেভানো হয়। আগুনে বাসের ৩০ শতাংশ পুড়ে গেছে। এটি নাশকতামূলক ঘটনা।

১০ নভেম্বর রাত একটার দিকে ধামরাই উপজেলা ভূমি কার্যালয়ের সামনে হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। গতকাল রাত সাড়ে আটটার দিকে ওই বাসটিতে আবার আগুন দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় ব্যক্তিরা আগুন নিভিয়ে ফেলেন।

ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আল-আমিন খান প্রথম আলোকে বলেন, বাসটিতে এর আগেও আগুনের ঘটনা ঘটেছিল। ওই ঘটনার পর বাসটি মেরামতের জন্য আশুলিয়ার বেলতলা এলাকায় একটি গ্যারেজের সামনে রাখা ছিল। ধারণা করা হচ্ছে, শত্রুতামূলকভাবে বাসটিতে আবার অগ্নিসংযোগ করা হয়েছে।

এদিকে গতকাল রাত সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বিপরীতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত একটি পুলিশ ছাউনি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ সদস্যরা ছাউনির বিপরীত পাশে দায়িত্ব পালন করছিলেন।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাতে মোটরসাইকেলে এসে পুলিশ ছাউনি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পেট্রলবোমা নিক্ষেপ করা হলেও আগুন ধরেনি।

রাজশাহীর পবা উপজেলা ভূমি কার্যালয়ে শনিবার রাতে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা

রাজশাহী

রাজশাহীর পবা উপজেলার ভূগরোইল মোড় এলাকায় গতকাল দিবাগত রাত একটার দিকে উপজেলা ভূমি কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তিনটি পেট্রলবোমার মধ্যে একটি বিস্ফোরিত হয়। এতে ভূমি অফিসের বারান্দায় আগুন ধরে যায়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে আজ দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বলেন, তিনটি পেট্রলবোমা ছুড়ে মারে। দুটি ফাটেনি, একটি ভেতরে বিস্ফোরিত হয়েছে। তবে কোনো ক্ষতি হয়নি। তিনি বলেন, এ ধরনের হামলা বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে করা হতে পারে।

এদিকে গতকাল রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী শহরের কাজলার অক্ট্রোয় মোড় এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানের বাসভবনের ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর প্রক্টরের মুঠোফোনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান প্রক্টরকে ফোন দেন এবং ককটেল হামলার ভিডিও পাঠান বলে তিনি জানান।

কুষ্টিয়া

কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। গতকাল দিবাগত রাত একটার দিকে শহরের কমলাপুর এলাকায় কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে।

এদিকে গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের মিরপুর শাখায় পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। উপজেলার টিঅ্যান্ডটি সড়কের পাশে অবস্থিত শাখাটিতে এ ঘটনা ঘটে। রাতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি ও গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। রোববার সকালে তোলা

রাজবাড়ী

রাজবাড়ীর পাংশার শরিষা ও মৌরাট ইউপির বারান্দার জানালায় গতকাল দিবাগত গভীর রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কিছু আসবাব ও জানালার অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ সকালে বিষয়টি জানাজানি হয়।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) রাকিবুর রহমান বলেন, খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে দেখা গেছে, মৌরাট ইউপির বারান্দায় থাকা একটি চেয়ারসহ কিছু আসবাব পুড়ে গেছে। এ ছাড়া জানালার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্বৃত্তরা পেট্রলজাতীয় দাহ্য পদার্থ ছুড়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে। শরিষা ইউপি ভবনের বাইরের দিক থেকে জানালায় মশালজাতীয় কিছু দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। এতে সামান্য ক্ষতি হয়েছে।

বরগুনা

বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের গুদিঘাটা কমিউনিটি ক্লিনিকের পশ্চিম পাশের জানালার কাচ ভেঙে গতকাল দিবাগত রাত ১২টার দিকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ক্লিনিকের সামনের দরজা ও পেছনের একটি কক্ষের মালামাল পুড়ে গেছে।

খবর পেয়ে জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কারণ উদ্‌ঘাটন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সিভিল সার্জন কার্যালয় থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বরগুনা সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদ মুর্শিদ বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্লিনিকটিতে আগেও দুবার চুরির ঘটনা ঘটেছে। মাদকসেবী ও ছিঁচকে চোরেরা মালামাল চুরি করে বিক্রি করত বলে অভিযোগ রয়েছে। এবারের ঘটনাটি আগের চুরির সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বরগুনা সদর উপজেলার গুদিঘাটা কমিউনিটি ক্লিনিকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুরে তোলা

রংপুর

রংপুর প্রেসক্লাব চত্বরে আজ সকাল সাড়ে সাতটার দিকে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে যান দুই মোটরসাইকেল আরোহী। এতে পত্রিকার হকার, এজেন্ট ও পথচারীদের মধ্যে ছোটাছুটি শুরু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে বস্তুটি একটি বালতির পানিতে রেখে দেয়।

রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী আজ বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি প্রথম আলোকে বলেন, সকালে চলন্ত একটি মোটরসাইকেলে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি বোমাসদৃশ্য বস্তুটি প্রেসক্লাবের সামনে ছুড়ে মেরে পালিয়ে যান।

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্টস পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকে ককটেলসদৃশ্য বস্তু বেঁধে রেখে যায় দুর্বৃত্তরা। আজ সকালে বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ফটকের লোহার গ্রিল ও তালার সঙ্গে লাল স্কচটেপ দিয়ে প্যাঁচানো বিস্ফোরক সদৃশবস্তু প্রথমে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এটি উদ্ধার করে।

উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল থেকে লাল স্কচটেপ দিয়ে প্যাঁচানো ককটেলসদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়। তবে সেটি আদৌ ককটেল কি না, নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে।

খুলনা

খুলনার খানজাহান আলী থানার তিনটি পৃথক স্থানে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ ভোরে মোটরসাইকেলে এসে পেট্রলবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায় তারা। তবে কোনো ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে শিরোমনি বাজারসংলগ্ন গ্রামীণ ব্যাংকের আটরা-গিলাতলা শাখার জানালায় পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে জানালা ভেঙে বোমাটি ভেতরে পড়ে আগুন ধরে যায়। তবে নৈশপ্রহরী ও পুলিশ দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

ওই ঘটনার কিছু সময় পর শিরোমনি বাজারসংলগ্ন বিআরটিসি বাস ডিপো লক্ষ্য করে দুটি পেট্রলবোমা ছোড়া হয়। বোমা দুটি ডিপোর বাইরে পড়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কাছাকাছি সময়ে খুলনা এসেনসিয়াল ল্যাটেক্স প্ল্যান্ট লক্ষ্য করে একটি পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। সেটি প্ল্যান্টের বাইরের দেয়ালে লেগে বিস্ফোরিত হয়। এতে প্রতিষ্ঠানটির কোনো ক্ষতি হয়নি।

খানজাহান আলী থানার ওসি মো. আবুল বশার প্রথম আলোকে বলেন, আজ ভোর চারটা থেকে সাড়ে চারটার মধ্যে ঘটনাগুলো ঘটেছে। মোটরসাইকেলে আসা দুই যুবক তিনটি স্থানে পেট্রলবোমা নিক্ষেপ করেন। এর পেছনে আরও লোক থাকতে পারেন। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গাজীপুরের শ্রীপুর

গাজীপুরের শ্রীপুরে গতকাল রাতে দুই জায়গায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি বিস্ফোরিত হয়েছে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের সামনের সড়কে, অন্য দুটি শ্রীপুরের ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে।

গতকাল রাত ১০টা ২৫ মিনিটে ইউএনওর বাসভবনের সামনের সড়কে দুর্বৃত্তরা প্রথম ককটেল বিস্ফোরণ ঘটায়। এর ৫ মিনিট পর রাত সাড়ে ১০টার দিকে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর ওপর থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। সেগুলো সেতুর নিচে বিস্ফোরিত হয়।

শ্রীপুর থানার ওসি মো. মাজাহারুল ইসলাম বলেন, তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের রেলস্টেশনের পাশে কদমতলী এলাকায় গতকাল রাত ১১টায় ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেওয়ার পরপরই রেলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। অবশ্য তখন কোনো যাত্রী ছিল না। ট্রেনটি ইয়ার্ড থেকে স্টেশনে যাচ্ছিল।

চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার প্রথম আলোকে বলেন, ট্রেনটি দেওয়ানহাটের ইয়ার্ড থেকে স্টেশনে আসার সময় কদমতলীতে পৌঁছালে একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে দুটি সিটে আগুন দেওয়া হয়। দুয়েক মিনিটের মধ্যে রেলের লোকজন আগুন নিভিয়ে ফেলেন। ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে।

ফেনী

ফেনী জেলা নির্বাচন কার্যালয়ের প্রধান ফটকে পেট্রলবোমা হামলা এবং জেলা ডাকঘর, সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস, দাগনভূঞা উপজেলার সিলোনিয়া উম্মুল মোমেনীন মহিলা আলিম মাদ্রাসা ও মুক্তিযোদ্ধার ঘর বীর নিবাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, শহরের জিরো পয়েন্ট এলাকায় ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটেছে।

ঢাকা-চট্টগ্রাম রেলপথে নাশকতার প্রস্তুতিকালে চার কলেজশিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছেন আনসার সদস্যরা। গতকাল রাত থেকে আজ ভোরে এসব ঘটনা ঘটে।

নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তা এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকালদিবাগত রাত সাড়ে ১২টার দিকে চৌমুহনী পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ ছাড়া গতকাল রাত সাড়ে ১২টার দিকে নোয়াখালীর বসুরহাট-দাগনভূঁইয়া এবং আজ ভোররাতে বসুরহাট-চৌধুরীরহাট সড়কে অগ্নিসংযোগ ও গাছ ফেলে অবরোধের চেষ্টা করা হয়। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতা–কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

কক্সবাজার

কক্সবাজার শহরের মোটেল সড়কসহ ছয়টি স্থানে গতকাল রাত ১২টা থেকে আড়াইটার মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে একের পর এক বিস্ফোরণের ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কুমিল্লা

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে নাশকতা ও যানবাহন ভাঙচুরের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বিকেলে জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান প্রথম আলোকে এ তথ্য জানান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে বিক্ষোভ মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। রাত পৌনে ১১টার দিকে উপজেলা সদরের ট্রেনিং সেন্টার এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন তাঁরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। প্রায় এক ঘণ্টা পর রাত ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনার পর পুলিশ রাতভর অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন মো. হাসান (৩২), রেজাউল করিম(৩৫), মো. ইব্রাহীম খলিল ওরফে সজীব (২৭), জাকির হোসেন (৪৮), ইমাম হোসেন ওরফে সাকিব (২৫), মো. ইসমাইল হোসেন (২৫), জাহাঙ্গীর হোসেন (৫০), মোহাম্মদ ইয়াকুব (২৭) ও বেলাল হোসেন (২২)। তাঁদের মধ্যে মো. হাসান নিষিদ্ধ ছাত্রলীগের চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, হাসান গতকাল রাতের ঘটনায় নেতৃত্বে থাকা ব্যক্তিদের একজন। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের বিষয়ে নজরদারি করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ ও ডিবির একাধিক দল কাজ করছে।

[প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম, খুলনা, সাভার (ঢাকা), কক্সবাজার, কুষ্টিয়া, নোয়াখালী; প্রতিনিধি শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, জামালপুর, সৈয়দপুর (নীলফামারী), রাজশাহী, সিরাজগঞ্জ, কুমিল্লা, ফেনী, রাজবাড়ী, বরগুনা, শ্রীপুর (গাজীপুর), বেড়া, (পাবনা), রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সংবাদদাতা, রংপুর]