
গাজীপুরের শ্রীপুর উপজেলায় তালাবদ্ধ ঘরে মা-ছেলের অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় আজ রোববার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মামলা হয়নি। ঘটনা তদন্ত করছে পুলিশের একাধিক বিভাগ। গতকাল শনিবার বিকেলে শ্রীপুরের প্রশিকা মোড় এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করছি। একই সঙ্গে পিবিআই, সিআইডিসহ অন্য বিভাগ ছায়া তদন্ত করছে। আশা করছি, শিগগিরই ঘটনাটির রহস্য উন্মোচন হবে।’ তিনি আরও বলেন, এ ঘটনা তদন্তে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। নিহত দুজনের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তরের পর স্বজনেরা থানায় মামলা করতে আসবেন বলে জানিয়েছেন। এ ঘটনায় রুবিনার স্বামীকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে।
গতকাল বিকেল সাড়ে পাঁচটায় শ্রীপুরের প্রশিকা মোড় এলাকায় তালাবদ্ধ ঘর থেকে রুবিনা খাতুন (২২) ও রুবিনার ছেলে মো. জিহাদের (৪) লাশ উদ্ধার করা হয়। রুবিনা শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের ব্যবসায়ী মো. সিরাজুল ইসলামের মেয়ে। এর আগে পাঁচ দিন ধরে মা-ছেলের হদিস পাচ্ছিলেন না স্বজনেরা। কোথাও না পেয়ে তাঁদের বাড়িতে গিয়ে থাকার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ পাওয়া যায়। সন্দেহ হলে দরজা ভেঙে ভেতরে গিয়ে মা-ছেলের লাশ পাওয়া যায়। লাশ দুটি অর্ধগলিত ও তাতে পচন ধরে ছিল।
রুবিনার বাবা সিরাজুল ইসলাম বলেন, সাত বছর আগে মুন্সিগঞ্জের মো. ঝুমন মিয়ার সঙ্গে রুবিনার বিয়ে হয়। তাঁদের সংসারে একমাত্র সন্তান জিহাদ ছিল। প্রশিকা মোড় এলাকায় মেয়ে ও মেয়ের স্বামীকে থাকার জন্য বাড়ি করে দিয়েছিলেন তিনি (সিরাজুল ইসলাম)। সেখানেই সন্তানসহ তাঁরা থাকতেন। ঝুমন নয়নপুর এলাকায় চাকরি করেন। বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে বিবাদ চলছিল। গত মঙ্গলবার থেকে রুবিনার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছিলেন না স্বজনেরা। তাঁদের মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল। শেষ পর্যন্ত গতকাল রুবিনা ও তাঁর ছেলের লাশ উদ্ধার করা হয়েছে।