বান্দরবানে আগুনে একটি বাজারের একাংশ পুড়ে গেছে। গতকাল দিবাগত রাত পৌনে চারটার দিকে সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে
বান্দরবানে আগুনে একটি বাজারের একাংশ পুড়ে গেছে। গতকাল দিবাগত রাত পৌনে চারটার দিকে সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে

বান্দরবানে গভীর রাতে আগুনে পুড়ল ৪৮ দোকান ও বসতঘর

বান্দরবানে গভীর রাতে লাগা আগুনে একটি বাজারের একাংশ পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে জেলার রোয়াংছড়ি ও সদর উপজেলার সীমান্তবর্তী জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাজারের প্রায় ৪৮টি দোকান ও বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারের মাঝের সারির একটি দোকানে প্রথম আগুন লাগে। এরপর বাতাসে আগুন দ্রুত বাজারের পশ্চিম পাশের দোকানপাট ও বসতঘরে ছড়িয়ে পড়ে।

বাজার এলাকার বাসিন্দা ও জামছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য খুশি কুমার তঞ্চঙ্গ্যা বলেন, বাজারের ছোট ছোট দোকানে রাতে কেউ থাকেন না। এ কারণে আগুন লাগার পরও শুরুতে কেউ জানতে পারেননি। পরে আগুনের খবর ছড়িয়ে পড়লে দোকানিরা ছুটে আসেন। ততক্ষণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

জামছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যচিংশৈ মারমা বলেন, প্রাথমিকভাবে প্রায় ৪৮টি দোকান ও বসতঘর পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বেশির ভাগই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাঁরা মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পাননি।

নিজের বাড়ির পুড়ে যাওয়া জিনিসপত্র ঘেঁটে দেখছেন এক নারী। আজ সকাল আটটার দিকে তোলা

জানতে চাইলে বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, একটি দোকানের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা হতে পারে।