
কোভিড পরীক্ষার টাকা আত্মসাৎ করার অভিযোগে খুলনার সাবেক-বর্তমান দুই সিভিল সার্জনসহ ছয়জনের নামে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার খুলনা সিনিয়র স্পেশাল জজ কোর্টে অভিযোগপত্র দাখিল করেন ওই মামলার তদন্ত কর্মকর্তা দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান।
২০২১ সালের ১৮ নভেম্বর কোভিড পরীক্ষার টাকা আত্মসাতের অভিযোগে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালের সাবেক মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) প্রকাশ কুমার দাসকে আসামি করে মামলা করেছিলেন কামরুজ্জামান। পরে কামরুজ্জামান মামলাটি তদন্ত করে অভিযোগপত্র জমা দিয়েছেন।
নিয়মানুযায়ী, সিভিল সার্জন খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালের তত্ত্বাবধায়ক। মামলার অভিযোগপত্রে সাবেক সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ আলী ও বর্তমান সিভিল সার্জন সুজাত আহমেদের নাম রয়েছে। এর মধ্যে নিয়াজ মোহাম্মদ আলী ৫ নম্বর ও সুজাত আহমেদ ৬ নম্বর আসামি। মামলার তদন্তকালে ওই টাকা আত্মসাতের ঘটনার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক। অভিযোগপত্রে প্রধান আসামি করা হয়েছে খুলনা সদর হাসপাতালের সাবেক মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) প্রকাশ কুমার দাসকে। অন্য আসামিরা হলেন আরেক মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. রওশন আলী, ক্যাশিয়ার তপতী সরকার ও সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এস এম মুরাদ হোসেন।
কোভিড পরীক্ষা থেকে ৪ কোটি ২৯ লাখ ৯১ হাজার ১০০ টাকা সংগ্রহ করা হলেও তাঁরা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন ১ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৭০০ টাকা।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি রসিদ বইয়ের বাইরে নকল (ডুপ্লিকেট) রসিদ বই ব্যবহার করে বিদেশগামী ও সাধারণ কোভিড পরীক্ষার টাকা সংগ্রহ করতেন। ওই সময় ৪ কোটি ২৯ লাখ ৯১ হাজার ১০০ টাকা সংগ্রহ করা হলেও তাঁরা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন ১ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৭০০ টাকা। শুধু পরীক্ষা থেকেই ২ কোটি ৬১ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা আত্মসাৎ করেছেন তাঁরা।
জানতে চাইলে দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা খন্দকার কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রথম দিকে একজন আসামি থাকলেও পরে তদন্তে অনেকের সংশ্লিষ্টতা পাওয়া যায়। তাঁদের আসামি করে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে।