রাজশাহী বিশ্ববিদ্যালয়

হল চালানোর ‘খরচ মেটাতে’ তিন গুণ ফি বাড়ানোর সিদ্ধান্তে প্রাধ্যক্ষরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

ইনসান আলী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে ভর্তি হয়েছিলেন। তাঁকে সংযুক্ত হিসেবে শেরে বাংলা এ কে ফজলুল হক হল দেওয়া হয়। সে সময় তাঁকে হলে ভর্তি হতে দিতে হয় ৯২০ টাকা। ২০২২-২৩ শিক্ষাবর্ষে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়ে তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হন। এবার তিনি হল পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। এবার তাঁকে ২ হাজার ৮০০ টাকা দিতে হয়েছে।

ইনসান আলী বলেন, এক বছরের ব্যবধানে তিনি দেখতে পেলেন কীভাবে তিন গুণের বেশি টাকা বেড়ে গেল। প্রথম বর্ষের অনেকে হয়তো এটা বুঝতেই পারবে না। এই ফি আগের অবস্থায় ফেরত আনার আহ্বান তাঁর।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর ১৭টি হলে সংযুক্তি করে দেয় কর্তৃপক্ষ। পরে শিক্ষার্থীকে হলে ভর্তি হতে হয়। এই ভর্তির ফি আগে ৯০০ থেকে ১৫০০ টাকা ছিল। সেই ফি বাড়িয়ে ২ হাজার ৮০০ টাকা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা বলছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে হলে কোনো ভর্তুকি দেওয়া হয় না। হলের যাবতীয় কাজে তাঁদের হিমশিম খেতে হচ্ছে। এ কারণে বাধ্য হয়ে তাঁদের ফি বাড়াতে হয়েছে।

তবে শিক্ষার্থীরা বলছেন, হুট করে ‘অযৌক্তিকভাবে’ এক লাফে ফি তিন গুণ বাড়িয়েছে। গতকাল রোববার এই বর্ধিত ফি বাতিলের দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের ব্যানারে মানববন্ধনে শিক্ষার্থী অংশ নিয়ে তাঁদের দাবিদাওয়া ও ক্ষোভের কথা জানান।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. সুলতান-উল-ইসলাম বলেন, আজ সোমবার দুপুরে এই বিষয়ে একটি সভা রয়েছে।

২৮০০ টাকা কোন কোন খাতে

প্রাধ্যক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে বলা জানা গেছে, আগে একেক হলে একেক পরিমাণ ফি দিতে হতো। এই টাকা দিয়ে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শেষ করতে পারেন। এটা ৯০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত ছিল। গেল বছর এ নিয়ে প্রাধ্যক্ষ পরিষদে সভা হয়। সেখানে এই টাকাটা সমন্বয় করার কথা উঠে। পরে হল প্রাধ্যক্ষরা তাঁদের না চলতে পারার কথা বলতে থাকেন। চলতি বছর এক সভায় সিদ্ধান্ত হয় তাঁরা একযোগে শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৮০০ টাকা আদায় করবেন।

এই ২ হাজার ৮০০ টাকার মধ্যে নতুন একটি খাত তৈরি করা হয়েছে। হল সংযুক্তি খাত হিসেবে এখানেই নেওয়া হচ্ছে ১ হাজার টাকা। এ ছাড়া ইন্টারনেট ফি, হল লাইব্রেরি, হল বার্ষিকী, হল সমাপনী, হল কার্ড, পত্রিকা ফি, ক্রীড়া ও সাংস্কৃতিক ফি, দিবস পালন বাবদ ফি, হল ইউনিয়ন ফিসহ ১ হাজার ৮০০ টাকা। এই খাতের টাকার পরিমাণ আগে কম ছিল। এবার অনেক ক্ষেত্রে দ্বিগুণ করা হয়েছে।

হল চালাতে পারছেন না প্রাধ্যক্ষরা

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর বেশির ভাগ হলে পরিচ্ছনকর্মীর সংকট রয়েছে। হলগুলোতে কর্মচারীর অনেক পদও খালি রয়েছে। সেগুলোর বিকল্প হিসেবে অস্থায়ী হিসেবে কিছু লোক কাজ করেন। তাঁদের বেতনও হল প্রশাসনকে দিতে হয়। হলে কোনো ইলেকট্রিক যন্ত্রপাতি নষ্ট হলেও তার ব্যয়ভার বহন করতে হয়।

কয়েকটি হলের প্রাধ্যক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার হলগুলোতে গড়ে ২০০ জন শিক্ষার্থীকে সংযুক্ত করা হয়েছে। এই শিক্ষার্থী ২ হাজার ৮০০ টাকা দিয়ে শিক্ষাজীবন শেষ করবেন। এই ২০০ জন শিক্ষার্থী একেবারে দিচ্ছেন ৫ লাখ ৬০ হাজার টাকা। এই টাকা দিয়ে হল প্রশাসনকে চলতে হচ্ছে। শিক্ষার্থীরা হলে থাকার জন্য প্রতি মাসে ১০০ টাকা করে দেন। এই টাকা থেকে সংস্থাপন শাখায় দিতে হয় ৩০ টাকা। হলে ভর্তুকি বলতে শুধু ডাইনিংয়ে বার্বুচিদের ৮৫ শতাংশ বেতন দেওয়া হয়। এ ছাড়া গত বছর থেকে জ্বালানি খাতে দেওয়া অল্পকিছু বরাদ্দ বন্ধ করা হয়েছে। হলগুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আর কোনো টাকা দেয় না।

প্রাধ্যক্ষেরা জানিয়েছেন, ১৭টি হলের মধ্যে ১১টি ছাত্রহলগুলোর চালানো বেশি কঠিন হয়ে পড়েছে। এই হলগুলোতে বছরের সব সময় হাজারের বেশি সিট দখল থাকে ছাত্রসংগঠনগুলোর মাধ্যমে। এই টাকাগুলো হল প্রশাসন পায় না। তাঁরা হলে বিশ্ববিদ্যালয় থেকে থোক বরাদ্দ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

একজন প্রাধ্যক্ষ বলেন, হলগুলোর যাচ্ছেতাই অবস্থা। আবাসিক হলগুলো হওয়া দরকার ছিল সবচেয়ে সুযোগ–সুবিধাসম্পন্ন। কিন্তু হলগুলো অবহেলার চোখে দেখা হয়। শিক্ষার্থীদের উচিত ছিল, হলগুলোতে বরাদ্দ দেওয়ার দাবিতে আন্দোলন করা। এতে করে প্রাধ্যক্ষরা অন্তত হলে সুযোগ-সুবিধা বাড়াতে পারতেন। এভাবে হল চালানো কঠিন।

বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও বেগম খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ সৈয়দা নুসরাত জাহান বলেন, তাঁরা শিক্ষার্থীদের কাছ থেকে প্রথম বর্ষে একাকালীন টাকাটা নেন। এই টাকা দিয়ে শিক্ষার্থীরা হলের পত্রিকা পড়া থেকে শুরু করে যাবতীয় সুবিধা পেয়ে থাকেন। হলগুলোতে কর্মচারী–সংকটও রয়েছে। হলে এজন্য অস্থায়ী কর্মচারী রাখতে হয়। তাঁদেরও মাসে মাসে হল থেকে বেতন দিতে হয়। সবমিলে সংকট রয়েছে। তবে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে তাঁদেরই সুযোগ-সুবিধা দেওয়া হয়।

সৈয়দা নুসরাত জাহান বলেন, আজ দুপুরে অনেক বিষয় নিয়ে উপাচার্যের সঙ্গে সভা রয়েছে। সেখানে বিষয়গুলো উত্থাপন করা হবে। তাঁরা সব সময় শিক্ষার্থীদের ভালো চান। সেই মোতাবেক আশা করা যাচ্ছে কোনো সিদ্ধান্ত আসবে।