
শর্টসার্কিট থেকে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে নগরের বন্দরবাজার এলাকায় পুলিশ সুপার কার্যালয়ের চতুর্থ তলার সম্মেলনকক্ষে এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে তেমন কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুলিশ সদস্যরা বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও প্রশাসন) শেখ মো. সেলিম বলেন, রাত আটটার দিকে পুলিশ সুপার কার্যালয়ের চতুর্থ তলার সম্মেলনকক্ষে হঠাৎ আগুন দেখতে পান পুলিশ সদস্যরা। এরপর পুলিশ সদস্যরা চেষ্টা চালান। সম্মেলনকক্ষের বেশ কিছু আসবাব পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত পুলিশ সুপার কার্যালয়ে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, সম্মেলনকক্ষে শর্টসার্কিট হয়ে ধোঁয়া বের হচ্ছিল। তাৎক্ষণিকভাবে কার্যালয়ের বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে দিয়ে নিরাপত্তার স্বার্থে ফায়ার সার্ভিসকে ডাকা হয়। গুরুত্বপূর্ণ সব কাগজপত্র অক্ষত আছে। শুধু বিদ্যুতের সংযোগে সামান্য ক্ষতি হয়েছে।