
পিরোজপুরে বাসের চাপায় দুই বোনের প্রাণ গেছে। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর-নাজিরপুর সড়কের আধাজুড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ভ্যানচালকসহ তিনজন।
নিহত দুই বোনের নাম মুক্তা আক্তার (২৪) ও মারিয়া আক্তার (১০)। তাঁরা পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর গ্রামের নজরুল ইসলাম শেখের মেয়ে। নিহত মুক্তা আক্তার পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্রী ছিলেন। আর মারিয়া আক্তার ভৈরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পিরোজপুর সদর উপজেলার আধাজুড়ি এলাকায় সড়কে চারজন যাত্রী নিয়ে একটি ভ্যান দাঁড়িয়েছিল। এ সময় পিরোজপুর থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দিলে ভ্যানচালকসহ চার যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পথে মুক্তা আক্তার মারা যান। বিকেল চারটার দিকে মারিয়া আক্তারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। আহত ভ্যানচালক মনির শেখ (৫০), যাত্রী আজিজুল হককে (৩৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর যাত্রী মঞ্জুরুল শেখকে (৩৫) পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান বলেন, ভ্যানটি যাত্রীদের নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ইমাদ পরিবহনের একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। এ ঘটনায় দুই বোনের মৃত্যু হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জ ম মাসুদুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। বাসের চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।