প্রধানমন্ত্রীর নরসিংদী আগমন ঘিরে উৎসবের আমেজ

নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনজর দেখার জন্য আওয়ামী লীগের নেতা–কর্মীদের ঢল
 ছবি: প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নরসিংদীতে আগমন উপলক্ষে জেলার ছয় উপজেলার ৭১টি ইউনিয়নজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রী আসায় নরসিংদীকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর দলীয় জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য সকাল থেকেই দলে দলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জনসভায় আসতে শুরু করেন। তাঁরা দলীয় স্লোগান দিতে দিতে স্টেডিয়ামে ঢুকছেন। বেলা তিনটায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার মধ্যেই স্টেডিয়াম প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দলীয় নেতা-কর্মীদের শুভেচ্ছাসংবলিত ব্যানার-ফেস্টুন-তোরণে ছেয়ে গেছে গুরুত্বপূর্ণ সব সড়ক।

প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য নরসিংদী ও পলাশ উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পর্যাপ্তসংখ্যক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। দায়িত্ব পালন করছেন সাড়ে সাত হাজার পুলিশসদস্যসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনজর দেখার জন্য দলে দলে জনসভাস্থলে আসছেন নেতা–কর্মীরা ছবি: প্রথম আলো

জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন জানান, ‘এর আগে ২০০৪ সালে নরসিংদীতে জেলা আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ বছর পর তিনি এই জেলায় আবার আসছেন, তাঁকে একনজর দেখার জন্য জেলা-উপজেলা-ইউনিয়নের সর্বস্তরের নেতা–কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। জনসভায় ৫০ হাজার মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমাদের ধারণা সব মিলিয়ে কয়েক লাখ মানুষের সমাগম হবে।’

নরসিংদীর পলাশের ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুর সাড়ে ১২টার দিকে পরিদর্শন শেষে সার কারখানার উদ্বোধন ঘোষণা করেন তিনি। এর আগে দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে করে পলাশের এমপি ফিল্ড হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়া মেগা প্রকল্পগুলোর অন্যতম একটি এই ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা।

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার উদ্বোধনের পর মোনাজাত শেষে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সভাপতিত্বে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বক্তব্য দেন। এ ছাড়া বেলা তিনটায় নরসিংদী শহরের মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জেলাজুড়ে আরও ১০টি প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

১১০ একর জমির ওপর নির্মিত হয়েছে এই ‘ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা’ প্রকল্প। ২০১৮ সালে নেওয়া এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ১০ হাজার ৪৬০ কোটি টাকা। কারখানাটি ২০২২ সালের মধ্যে নির্মিত হওয়ার কথা থাকলেও মেয়াদ দুই দফা বেড়েছে। এতে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ১৫ হাজার কোটি টাকা। এই কারখানা থেকে বছরে ৯ লাখ ২৪ হাজার টন ইউরিয়া সার উৎপাদনের কথা রয়েছে, যা দেশের বার্ষিক চাহিদার প্রায় ৩৮ শতাংশ মেটাতে পারবে।