
চট্টগ্রাম অঞ্চলের খেলা দিয়ে তৃতীয় ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে ২০ নভেম্বর। চট্টগ্রাম অঞ্চলে এবার টুর্নামেন্টে ১০টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। টুর্নামেন্ট শুরুর আগে আজ বুধবার চট্টগ্রামে এসে পৌঁছেছে টুর্নামেন্টের ট্রফি। ট্রফি উন্মোচনের পর নগরের সাতটি বিশ্ববিদ্যালয়ে ট্রফি প্রদর্শনীও হয়েছে।
চট্টগ্রাম অঞ্চলে টুর্নামেন্টে অংশ নিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। এর মধ্যে আজ দিনের বিভিন্ন সময়ে পোর্ট সিটি, ইনডিপেনডেন্ট, বিজিএমইএ, সাউদার্ন, প্রিমিয়ার, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং চুয়েটে টুর্নামেন্টের ট্রফি নিয়ে যাওয়া হয় প্রদর্শনীর জন্য।
ট্রফি প্রদর্শনীর সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ওবায়দুল করিম, ট্রেজারার প্রদীপ চক্রবর্তী, চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য মীর মোহাম্মদ নুরুল আবসার, সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য শরীফ আশরাফউজ্জামান, রেজিস্ট্রার আ ফ ম মোদাচ্ছের আলী, চুয়েটের উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য এস এম নছরুল কদির, রেজিস্ট্রার মো. ইফতেখার মনির, প্রক্টর মো. সোলাইমান চৌধুরী ও স্পোর্টস ক্লাবের আহ্বায়ক আবদুর রহিম, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ ও ডেপুটি রেজিস্ট্রার আবু জাবেদ।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়েছে। ২০ ও ২১ নভেম্বর চট্টগ্রাম পর্বে ৫ দলে ভাগ হয়ে গ্রুপ ‘এ’ ও গ্রুপ ‘বি’ তে খেলবে ১০টি দল।
২৮ নভেম্বর ঢাকায় শুরু হবে আঞ্চলিক পর্ব। ঢাকার গ্রুপ পর্বের খেলা শেষ হবে ৫ ডিসেম্বর। এরপর কোয়ার্টার ফাইনাল ৭ ও ৮ ডিসেম্বর। ২০২৩ সালে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের প্রথম আসরে অংশ নেয় ৩২টি দল। গত বছর দল বেড়ে দাঁড়ায় ৪২টি। এবার অংশ নিচ্ছে ৪৬টি দল। যদিও এবারের টুর্নামেন্টে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছে ৭১টি বিশ্ববিদ্যালয়। সব দলকে সুযোগ দিতে না পারায় টুর্নামেন্ট কমিটি দুঃখ প্রকাশ করেছে।