
কক্ষ বরাদ্দ নিয়ে দ্বন্দ্বের জেরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক সহকারী রেজিস্ট্রারকে তাঁর কক্ষে তালাবদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে উপাচার্য দপ্তরে এ ঘটনা ঘটে।
উপাচার্য দপ্তরের সহকারী রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রীর কক্ষে তালা দেন তাঁরই সহকর্মী রেজিস্ট্রার শাখার সেকশন অফিসার জান্নাতুল ফেরদৌস। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তালা খুলে দেওয়া হয়।
কুয়েট সূত্রে জানা গেছে, নিমাই চন্দ্র মিস্ত্রী ও জান্নাতুল ফেরদৌস দুজনই বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী কর্মকর্তা। নিমাই চন্দ্র মিস্ত্রী ‘দোলন মিস্ত্রী’ নামেই পরিচিত। তিনি দৌলতপুর সরকারি ব্রজলাল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। জাতীয় বেতন স্কেলের সপ্তম গ্রেডের কর্মকর্তা তিনি। সাবেক উপাচার্য মোহাম্মদ আলমগীরের ব্যক্তিগত সহকারী ছিলেন। পরে উপাচার্য কাজী সাজ্জাদ হোসেনের সময়ে গ্রন্থাগার শাখায় দায়িত্ব পান। সম্প্রতি উপাচার্য মিহির রঞ্জন হালদার দায়িত্ব নেওয়ার পর তিনি আবার উপাচার্য দপ্তরের সহকারী রেজিস্ট্রার হিসেবে কাজ করছেন। অন্যদিকে রেজিস্ট্রারের দপ্তরের সেকশন অফিসার জান্নাতুল ফেরদৌস জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডের কর্মকর্তা। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাগনি।
কুয়েটের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন উপাচার্য নিয়োগ হওয়ার পর কুয়েট প্রশাসনে ব্যাপক রদবদল হয়েছে। আগের উপাচার্যের অনুসারীদের বিভিন্ন শাখায় বদলি করা হয়েছে। যে কক্ষ নিয়ে ঘটনার সূত্রপাত, ওই কক্ষে একজন উপরেজিস্ট্রার বসতেন। ওই কক্ষ জান্নাতুল ফেরদৌসকে বরাদ্দ দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত ছিল আগের প্রশাসনের। কিন্তু নতুন প্রশাসন আসার পর ওই কর্মকর্তাকে বদলি করে কক্ষটি নিমাই চন্দ্র মিস্ত্রীকে দেওয়া হয়েছে।
নিমাই চন্দ্র মিস্ত্রী প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিনের মতো নয়টার দিকে আমার কক্ষে আসি। সোয়া নয়টার দিকে সহকর্মী জান্নাতুল ফেরদৌস আমাকে রুম থেকে বের হতে বলেন। কারণ জানতে চাইলে তিনি বলেন, “এ রুমে বসলে আমি বসব, না হলে কেউ বসবে না।” আমি তাঁকে জানিয়েছি, উপাচার্য মহোদয় আমাকে এখানে বসার জন্য নির্দেশ দিয়েছেন। সুতরাং কর্তৃপক্ষ বললে বের হয়ে যাব। কথা বলার একপর্যায়ে তিনি বাইরে থেকে লক করে দেন। আমি ফোনে কর্তৃপক্ষকে বিষয়টি জানালে ১১টার দিকে উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার মহোদয় দরজা খোলানোর ব্যবস্থা করেন।’
কারণ জানতে চাইলে নিমাই চন্দ্র মিস্ত্রী বলেন, তিনি আগে গ্রন্থাগারের দায়িত্বে ছিলেন। আগের উপাচার্য তাঁকে বদলি করেছিলেন। নতুন উপাচার্য আসার পর তিনি নতুন দায়িত্ব দিয়েছেন। তিনি বলেন, কক্ষটি তাঁর (জান্নাতুল) পছন্দের ছিল। তবে এটা তো পারিবারিক প্রতিষ্ঠান নয়। এখানে তো অফিশিয়াল একটা সিস্টেম আছে। এখন বিষয়টি প্রশাসন জানে। তারা যেই সিদ্ধান্ত নেবে, সেটাই হবে।
জানতে চাইলে জান্নাতুল ফেরদৌস প্রথম আলোকে বলেন, ‘সাবেক উপাচার্য যাঁদের পছন্দ করতেন, তাঁদের কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। সেই তালিকায় আমিও পড়েছি। নতুন উপাচার্য মহোদয় আসার পর অনেক বদলি করা হচ্ছে। অনেক অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আমাকে বদলি করা হয়নি, তবে মানসিকভাবে নির্যাতন চালানো হচ্ছে।’
জান্নাতুল ফেরদৌস আরও বলেন, সাবেক প্রশাসন ওই কক্ষ তাঁকে বরাদ্দ দিতে চেয়েছিল। কিন্তু সেটা তাঁকে দেওয়া হয়নি। কক্ষটির বিষয়ে উপাচার্যকে প্রতিমন্ত্রী অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি সেই কথা শোনেননি। তিনি বলেন, ‘আমাকে দেওয়ার কথা ছিল বলেই তিনি (নিমাই চন্দ্র) ওই রুমটা বরাদ্দ নিয়েছেন। আমি তাঁকে বলেছি, চলেন উপাচার্য মহোদয়ের কাছে গিয়ে কথা বলি। তিনি রুম থেকে বের হননি। এ জন্য আমি বাইরে থেকে ছিটকিনি দিয়ে দিয়েছি।’
প্রতিমন্ত্রীর সঙ্গে আত্মীয়তার প্রসঙ্গে জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমি প্রতিমন্ত্রীর ভাগনি; তবে সে ক্ষমতা দেখানোর এখানে কিছুই নেই। উনিও (নিমাই চন্দ্র) তো আওয়ামী লীগের লোক। আমি কেন একজন আওয়ামী লীগারের ওপর ক্ষোভ দেখাব। তাঁর বিরুদ্ধে আগে থেকেই অনেক অভিযোগ। উনি আমাকে কোণঠাসা করার চেষ্টা এবং মানসিকভাবে যথেষ্ট নির্যাতন চালানোর চেষ্টা চালিয়েছিলেন।’
এ ব্যাপারে কথা বলার জন্য উপাচার্য অধ্যাপক মিহির রঞ্জন হালদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, বৈঠকে আছেন, পরে কথা বলবেন। পরে জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি খুবই অনাকাঙ্ক্ষিত। আমরা প্রত্যেকেই বিব্রত। যেহেতু প্রশাসনিক বিষয়, প্রশাসনিকভাবেই সমাধানের চেষ্টা করা হচ্ছে।’