১৭ বছর আগে এই দিনে উদীচী শিল্পীগোষ্ঠীর নেত্রকোনা কার্যালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলায় আটজন নিহত হন।
আজ ৮ ডিসেম্বর। নেত্রকোনা ট্র্যাজেডি দিবস। ১৭ বছর আগে এই দিনে উদীচী শিল্পীগোষ্ঠীর নেত্রকোনা কার্যালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা করে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি। এতে আটজন নিহত হন। নিহত ব্যক্তিদের স্মরণে আজ বৃহস্পতিবার সকালে ৩ মিনিট স্তব্ধ থাকবে নেত্রকোনা শহর।
সন্ত্রাস, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আজ সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৪৩ মিনিট পর্যন্ত ৩ মিনিট শহরের রাস্তায় কোনো যানবাহন চলবে না, কোনো পথচারীও হাঁটবেন না। ১০টা ৪০ মিনিট বাজার সঙ্গে সঙ্গে সবাই নিজেদের কাজ ফেলে রাস্তায় নেমে আসবেন। সড়কের যানবাহনগুলো চলাচল থামিয়ে দাঁড়িয়ে থাকবে। দোকানিরাও এ সময় নেমে আসবেন রাস্তায়। ১৭ বছর আগে বোমা হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে তাঁরা শ্রদ্ধা জানাবেন।
নেত্রকোনা উদীচী সূত্রে জানা গেছে, ২০০৫ সালের এই দিনের সকালে শহরের অজহর রোড এলাকায় উদীচী কার্যালয়ের সামনে চলছিল ৯ ডিসেম্বর নেত্রকোনা হানাদারমুক্ত দিবস উপলক্ষে উদীচীর মহড়ার প্রস্তুতি। এ সময় শিল্পীরা জানতে পারেন উদীচী ও সংলগ্ন শতদল নামের অপর একটি সাংস্কৃতিক সংগঠনের ভবনের পাশে একটি স্কচটেপ জড়ানো কৌটা ও হাতের লেখা চিঠি রয়েছে। খবর পেয়ে প্রশাসন ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে বোমাটি নিষ্ক্রিয় করার সময় এটি বিস্ফোরিত হয়। এ সময় কেউ হতাহত হয়নি। এ অবস্থায় সেখানে প্রশাসনের কর্মকর্তা, শিল্পীসহ স্থানীয় উৎসুক জনতার মধ্যে জটলা বাঁধে। এ সময় আত্মঘাতী এক বোমা হামলাকারী সাইকেলে করে এসে আরেকটি বোমা বিস্ফোরণ ঘটায়। এতে প্রাণ হারান জেলা উদীচীর সাবেক সহসাধারণ সম্পাদক খাজা হায়দার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুদীপ্তা পাল, মোটরসাইকেল মেকানিক যাদব দাস, পুলিশ কর্মকর্তার স্ত্রী রানী আক্তার, মাছ বিক্রেতা আফতাব উদ্দিন, শ্রমিক রইছ মিয়া, ভিক্ষুক জয়নাল ও আত্মঘাতী বোমা হামলাকারী আল বাকি মো. কাফি। আহত হন অর্ধশতাধিক।
হামলায় নিহত যাদব দাসকে বানানো হয় ‘হিন্দু জঙ্গি’। এমনকি জোট সরকারের আমলে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ঘটনাস্থলে এসে যাদবের গোপন অঙ্গ দেখিয়ে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘এটি একটি নিউ ডাইমেনশন, এটি হিন্দু জঙ্গি। উই আর লুকিং ফর শত্রুজ।’ বাবরের এ কথায় পরিস্থিতি অন্য রূপ ধারণ করে। চলে যাদবের পরিবারসহ সংখ্যালঘু সম্প্রদায় ও সংস্কৃতিকর্মীদের ওপর নানা হয়রানি। তারপর গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিরা প্রমাণ করেন যাদব জঙ্গি নন। একপর্যায়ে বাবর তাঁর ভুল স্বীকার করেন।
ঘটনায় পুলিশ বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করে। এর মধ্যে বিস্ফোরক আইনে আসামি জেএমবির কমান্ডার সালাউদ্দিন ওরফে সালেহীন ওরফে সোহেল এবং শুরা সদস্য আসাদুজ্জামান চৌধুরী ওরফে আসাদ ওরফে পনিরের মৃত্যুদণ্ড দেন আদালত। এ ছাড়া ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি আসামি আসাদুজ্জামান চৌধুরী, সালাউদ্দিন ও ইউনুছ আলীকে মৃত্যুদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২। একই বছরের ২৩ মার্চ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ একই রায় দেন। মামলার অপর আসামি সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই ও আতাউর রহমান সানির অন্য মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় তাঁদের অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া বাংলা ভাইয়ের স্ত্রী ফারজানা ওরফে রোকেয়াকে খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে আসাদুজ্জামান চৌধুরী ওরফে পনিরের ২০২১ সালের ১৫ জুলাই রাতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সালাউদ্দিন ওরফে সালেহীনকে ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে এক পুলিশ সদস্যকে হত্যা করে ছিনিয়ে নেওয়া হয়।
নেত্রকোনা উদীচীর সহসভাপতি তুষার কান্তি রায় বলেন, ‘জঙ্গিবাদের মূল উৎপাটন করতে হলে আরও শিকড়ে যেতে হবে। স্থানীয় ব্যক্তিদের মদদদাতাদের খুঁজে বের করতে হবে। তা না হলে মৌলবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাস নির্মূল সম্ভব হবে না।’
দিবস পালন কমিটির সদস্যসচিব মারুফ হাসান খান জানান, সকাল সোয়া নয়টায় কালো পতাকা উত্তলন ও কালো ব্যাজ ধারণ, সাড়ে নয়টায় উদীচী ট্র্যাজেডি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টা ৪০ মিনিট থেকে ৩ মিনিট স্তব্ধ নেত্রকোনা, ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মানববন্ধন ও প্রতিবাদী মিছিল, দুপুর ১২টায় শহীদদের সমাধিতে শ্রদ্ধা ও শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, বিকেল সাড়ে ৫টায় সন্ত্রাস, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।