মারধর
মারধর

বাড়ি ফেরানোর কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, মারধরের পর অভিযুক্তকে পুলিশে সোপর্দ

নাটোরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম শরীফুল ইসলাম (৪৫)। তিনি নাটোর সদর উপজেলার বাসিন্দা।

এর আগে গত মঙ্গলবার বিকেলে নাটোর সদর উপজেলার একটি গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে। পরে গতকাল বুধবার রাতে শরীফুলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন শিশুটির মা।

মামলার এজাহারে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে ওই শিশুকে নিয়ে বাড়ির পাশের বিলে ঘাস কাটতে যান প্রতিবেশী এক নারী। একপর্যায়ে গরমে ক্লান্ত হয়ে শিশুটি বাড়িতে ফিরতে চায়। শিশুটিকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলেন শরীফুল। পথে শিশুটিকে ধর্ষণ করেন শরীফুল। পরে বাড়ির ফটকে রেখে তিনি পালিয়ে যান।

পরিবারের সদস্যরা বলেন, শিশুটি পরিবারের লোকজনের কাছে ঘটনাটি খুলে বলে। তখন তাকে নাটোরের একটি ক্লিনিকে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়। গতকাল সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হলে গ্রামের লোকজন উত্তেজিত হয়ে ওঠেন। তাঁরা দল বেঁধে গিয়ে শরীফুলকে আটক করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে এবং অভিযুক্ত ব্যক্তিকে রাত ১০টার দিকে সদর থানায় নিয়ে যায়। গতকাল রাতেই অভিযুক্ত ব্যক্তি ও ভুক্তভোগী শিশুকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এই খবরের সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ওই শিশুর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। জবানবন্দির জন্য তাকে আজ আদালতে নেওয়া হতে পারে।