দৃষ্টিহীন নন্দন ধরে রেখেছেন সংসারের হাল

দৃষ্টিপ্রতিবন্ধী হলেও তিন দশক ধরে কাপড় ইস্ত্রি করে সংসার চালাচ্ছেন নন্দন রবিদাস। শনিবার নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দক্ষিণ বালালী গ্রামে
ছবি: প্রথম আলো

দরিদ্র পরিবারে জন্ম নন্দন রবিদাসের (৬০)। ৩৫ বছর আগে অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে দুই চোখের দৃষ্টি হারান। অভাবের তাড়নায় দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও শুরু করেন কাপড় ইস্তিরির কাজ। ৩২ বছর ধরে এ কাজ করেই সংসারের হাল ধরে রেখেছেন নন্দন রবিদাস। তিনি নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দক্ষিণ বালালী গ্রামের বাসিন্দা।

নন্দন রবিদাস প্রথম আলোকে বলেন, প্রায় ৩৫ বছর আগে তাঁর প্রচণ্ড মাথা ও দাঁতব্যথা হয়। এর বছরখানেক পর তাঁর দুই চোখে ছানি পড়ে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারেননি। এরপর ১৯৯০ সালের জানুয়ারি মাসের শেষ দিকে দুটি চোখই নষ্ট হয়ে যায়।

পৈতৃক সূত্রে পাওয়া ২ শতাংশ বসতভিটা ছাড়া আর কোনো সম্বল নেই নন্দন রবিদাসের। তিনি বলেন, অন্ধ হওয়ার দুই বছর পর আরতি দেবীকে বিয়ে করেন। এরপর সংসার চালাতে বালালী বাজারের একটি ঘরে কাপড় ইস্তিরির কাজ শুরু করেন।
নন্দন রবিদাস দুই ছেলে ও দুই মেয়ের বাবা।

তাঁর স্ত্রী আরতি দেবী বলেন, ‘আমার স্বামীর বয়স হয়েছে। এখন আর অত কাজ করতে পারেন না। যা আয় করেন, তা দিয়ে সংসার চলে না। আমি মুচি সম্প্রদায়ের লোক হওয়ায় কেউ আমাকে কাজে নিতে চান না। সরকারের সহযোগিতা পেলে উপকার হতো।’

তিয়শ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নন্দন রবিদাসের বাড়ি আমার গ্রামেই। প্রতিবন্ধিতাকে জয় করে আত্মনির্ভরশীল হয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে বাজারে কাপড় ইস্তিরির কাজ করছেন। ইউপির পক্ষ থেকে তাঁকে সহযোগিতা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গেও কথা বলব।’

গত বছর বড় মেয়ে মন্টি রানীকে বিয়ে দিয়েছেন নন্দন রবিদাস। এখন স্ত্রী ও অপর তিন সন্তানকে নিয়ে তাঁর সংসার। ছোট মেয়ে বৃষ্টি রবিদাস ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। দারিদ্র্যে কারণে কয়েক মাস আগে বড় ছেলে অনুকূল রবিদাসের পড়ালেখা বন্ধ হয়ে যায়। এখন সে বালালী বাজারের একটি দোকানে নরসুন্দরের কাজ শিখছে।

নন্দন রবিদাস বলেন, ‘৩২ বছর ধরে কাপড় ইস্তিরি করে সংসার চালাচ্ছি। এখন আর আগের মতো কাজ করতে পারি না। সংসারে চালাতে কষ্ট হয়। স্ত্রী-সন্তান নিয়ে কষ্টে আছি।’ মেয়ে বৃষ্টি রবিদাস বলে, ‘বাবা চোখে কিছুই দেখতে পান না। সকালে আমি স্কুলে যাওয়ার সময় দোকানে দিয়ে আসি। স্কুল ছুটি হলে তাঁকে নিয়ে বাড়িতে যাই।’

ইউএনও তানজিনা শাহরীন প্রথম আলোকে বলেন, আর্থিক সহযোগিতা চেয়ে একটি আবেদন করলে ব্যবস্থা নেওয়া হবে।