
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষের কক্ষে সভায় অসুস্থ হয়ে এক ছাত্রী হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরে এ কমিটি গঠন করা হয় বলে ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নূর নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল দুপুর পৌনে ১২টার দিকে ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল থেকে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে ওই ছাত্রী আজ বুধবার সকাল ১০টার দিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বেলা দুইটার দিকে তাঁকে হলে নিয়ে যান ছাত্র উপদেষ্টা।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম সুমাইয়া সুলতানা। তিনি সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ৫০১ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী তিনি।
ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নূর বলেন, অভিযোগের ভিত্তিতে তাঁরা দুই পক্ষের সঙ্গে কথা বলেছেন। আপাতত তাঁদের দুজনকে দুই ব্লকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে নির্যাতনের ঘটনা ঘটেছে কি না, সেটা তদন্ত করে দেখতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তাঁদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে নির্যাতনের বিষয়টি উঠে এলে বিশ্ববিদ্যালয়ের আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক মো. আশরাফুল ইসলাম খানকে। কমিটির অন্য দুই সদস্য হলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের আবাসিক শিক্ষক মনিকৃষ্ণ মহন্ত এবং সহকারী প্রক্টর সাইকা কবীর নীতু।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটির কথা শুনেছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাননি।
হলের শিক্ষার্থীরা জানান, ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় পানি গরম করেন সুমাইয়া। ওই গরম পানি নিয়ে নেন সংগীত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নুরুন্নাহার দোলন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। বিষয়টি সেদিন রাতেই হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্মৃতি বালাকে জানান নুরুন্নাহার। পরে স্মৃতি বালা অন্য শিক্ষার্থীদের মাধ্যমে সুমাইয়াকে ডাকেন। কিন্তু সুমাইয়া ডাকে সাড়া দেননি। এ নিয়ে পরদিন হল প্রাধ্যক্ষের কাছে দোলন অভিযোগ করেন, সুমাইয়া তাঁর সঙ্গে খারাপ আচরণ করেছেন। পরে হল প্রাধ্যক্ষ সুমাইয়াকে হলের অন্য ব্লকে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। কিন্তু সুমাইয়া সেটা মেনে নেননি। এ নিয়ে হলে দুটি পক্ষ তৈরি হয়। সুমাইয়া হলে যেখানে আছেন, সেখানেই রাখার পক্ষে একটি পক্ষ; আরেক পক্ষ অন্য ব্লকে চলে যাওয়ার কথা বলে। এ পরিস্থিতিতে গতকাল সকাল ১০টায় প্রাধ্যক্ষের সঙ্গে দুই পক্ষের সভার সময় নির্ধারণ হয়। সকাল ১০টায় সবাই উপস্থিত হলে প্রাধ্যক্ষ ছাত্রলীগ নেত্রী স্মৃতি বালা এবং সুমাইয়া ও দোলনকে নিয়ে নিজ কক্ষে প্রবেশ করেন। দুপুর পৌনে ১২টার দিকে ওই সভায় অসুস্থ হয়ে পড়েন সুমাইয়া। পরে তাঁকে অ্যাম্বুলেন্সে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গতকাল দুপুরে প্রক্টরিয়াল বডি ওই হলে যায়।
সুমাইয়া সুলতানা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে একটি ছোট ঘটনা নিয়ে তাঁকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। ছাত্রলীগ নেত্রী স্মৃতি বালাসহ কয়েকজন বারবার কক্ষে এসে গালিগালাজ করেন। হল থেকে বের করে দেওয়ার হুমকি দেন। দোলন তাঁকে মারধর করেছেন। এ জন্য কয়েক দিন ধরে তিনি বিপর্যস্ত। খাওয়াদাওয়া ঠিকমতো করা হয়নি। গতকাল সকালে প্রাধ্যক্ষের কক্ষে সভায় ছাত্রলীগ নেত্রীসহ দোলন যা বলেন, প্রাধ্যক্ষ তা–ই চাপিয়ে দিতে থাকেন। এটা তিনি মেনে নিতে পারেননি। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন। তিনি এ ঘটনার বিচার চান।
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ ফারজানা কাইয়ূম কেয়া বলেন, ‘হলে নির্যাতনের কিছুই হয়নি। মেয়েটির অ্যাজমা আছে। এই আরকি। আর কিছু বলতে চাচ্ছি না।’ এ কথা বলে তিনি মুঠোফোনের কল কেটে দেন।
অভিযুক্ত নুরুন্নাহার দোলন বলেন, আজ হঠাৎ করে ছাত্র উপদেষ্টা এসে বলছেন, কক্ষ পরিবর্তন করতে হবে। কিন্তু তাঁর তো কোনো অপরাধ নেই। তিনি কাউকে নির্যাতন করেননি।
হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্মৃতি বালা বলেন, হলে কোনো নির্যাতনের ঘটনা ঘটেনি। হলে কোনো শিক্ষার্থীর সমস্যা হলে তাঁদের কাছে আসেন। দোলনও এসেছিলেন। আর প্রাধ্যক্ষের ডাকে তিনি ওই সভায় উপস্থিত হয়েছিলেন।