লাশ
লাশ

টাঙ্গাইলে সড়কের পাশ থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

টাঙ্গাইলে সড়কের পাশ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যবসায়ী মাসুদ মিয়া (৪৫) কুইজবাড়ী গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে স্থানীয় বাসিন্দারা কুইজবাড়ী এলাকায় সড়কের পাশে মাসুদের লাশ পড়ে থাকতে দেখেন। পরে মগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ফরহাদ আলীকে বিষয়টি জানানো হয়।

ইউপি সদস্য মো. ফরহাদ আলী বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করি। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এটি নিঃসন্দেহে হত্যাকাণ্ড। কারণ, তাঁর একটি কান কাটা ও মাথায় আঘাতের চিহ্ন আছে।’

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।