জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা দেখতে দর্শকের ভিড়। গতকাল শুক্রবার বিকেলে জয়পুরহাট স্টেডিয়ামে
জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা দেখতে দর্শকের ভিড়। গতকাল শুক্রবার বিকেলে জয়পুরহাট স্টেডিয়ামে

গ্যালারিতে জায়গা নেই, খেলা দেখতে বাড়ির ছাদ-চিলেকোঠায় দর্শক

গ্যালারিতে তিল ধারণের জায়গা নেই। স্টেডিয়ামের আশপাশের বাড়ির ছাদ, চিলেকোঠায়ও দর্শক। কেউ দাঁড়িয়ে, কেউ বসে দেখছেন মাঠের ফুটবল খেলা। গতকাল শুক্রবার বিকেলে জয়পুরহাট স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ঘিরে দেখা যায় এমন দৃশ্য। হাজারো দর্শকের উপস্থিতিতে স্টেডিয়াম ও আশপাশের এলাকা হয়ে ওঠে উৎসবমুখর।

বেলা তিনটায় টুর্নামেন্টের উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তরুণদের মাঠমুখী করতে এবং খেলাধুলার চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। জয়পুরহাটের খেলোয়াড়েরা যাতে খেলাধুলাকে পেশা হিসেবে নিতে পারেন, সে চেষ্টা করতে হবে। সরকার খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে খেলার মাঠ তৈরি ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া বলেন, ‘দীর্ঘদিন পর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। জেলার বিভিন্ন এলাকার খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। প্রতিযোগিতার মধ্য দিয়ে নতুন খেলোয়াড় উঠে আসবেন এবং ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য তৈরি হবে বলে আমরা আশা করছি।’

জেলার পাঁচ উপজেলা, তিন পৌরসভাসহ মোট আটটি দল এতে অংশ নিচ্ছে উল্লেখ করে জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম সরকার বলেন, নকআউট পদ্ধতিতে প্রতিদিন একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ৯ অক্টোবর হবে ফাইনাল খেলা। দর্শকদের মাঠে এসে খেলা উপভোগ করার আহ্বান জানান তিনি।

খেলা দেখতে স্টেডিয়ামের আশপাশের বাড়ির ছাদেও দর্শকদের ভিড়। গতকাল শুক্রবার বিকেলে জয়পুরহাট স্টেডিয়ামে

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় জয়পুরহাট পৌরসভা একাদশ বনাম আক্কেলপুর উপজেলা একাদশ। খেলা শুরুর পর থেকেই দুই দলের পাল্টাপাল্টি আক্রমণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক দল আক্রমণে উঠলেই গ্যালারি থেকে শুরু হয় সমর্থকদের চিৎকার-উল্লাস। প্রথমার্ধেই আক্কেলপুর একাদশের জালে দুটি গোল দেয় জয়পুরহাট পৌরসভা একাদশ। দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান কমাতে মরিয়া হয়ে আক্রমণ চালায় আক্কেলপুর। তবে শেষ পর্যন্ত আক্কেলপুর একাদশ আর গোল করতে পারেনি। ২–০ গোলে জয় পায় জয়পুরহাট পৌরসভা একাদশ।

খেলা দেখতে আসা দর্শক ইসমাইল হোসেন বলেন, ‘অনেক দিন পর জয়পুরহাটে এমন বড় ফুটবল খেলার আয়োজন হলো। গ্যালারিতে জায়গা না পেলেও বাইরে দাঁড়িয়ে খেলা দেখেছি। মাঠে ভালো খেলা হলে দর্শকের আগ্রহ আরও বাড়বে।’