সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

এক্সপ্রেসওয়েতে এক পিকআপে আরেক পিকআপের ধাক্কা, চালক ও সহকারী নিহত

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি পিকআপের পেছনে আরেকটি পিকআপের ধাক্কায় চালক ও সহকারী নিহত হয়েছেন। আজ সোমবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গার আতাদী সেতুর ওপর ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক ও সহকারীর নাম-পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকামুখী লেনের বাঁ পাশে একটি পিকআপ দাঁড় করিয়ে চাকা পরিবর্তন করা হচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি পিকআপ দাঁড়িয়ে থাকা ওই পিকআপকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চলন্ত পিকআপটির চালক ও সহকারী নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ভোর ৫টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করে ভাঙ্গা হাইওয়ে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপ দুটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় আনা হয়েছে। নিহত চালক ও সহকারীর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত শনিবার ভোররাত ৪টা ১৫ মিনিটের দিকে একই এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় ভাঙ্গামুখী লেনে পণ্যবাহী ট্রাকের পেছনের একটি চাকা ফেটে যায়। পরে চাকা বদলানোর সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ির চাপায় ট্রাকটির চালক ও তাঁর সহকারী বাবা-ছেলে নিহত হন।