
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি ও রাজধানীতে বিএনপির কর্মী নিহতের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে জেলা আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত ঢাকার বিভাগীয় গণসমাবেশে দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ১৩ ডিসেম্বর দলটি সারা দেশে সব বিভাগীয় ও জেলা সদরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে। পাশাপাশি ২৪ ডিসেম্বর বিএনপি সমমনা দলগুলোকে নিয়ে সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে গণমিছিল পালন করার কর্মসূচি দিয়েছে।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, আজ সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আদালত প্রাঙ্গণে জড়ো হন। বেলা পৌনে ১১টার দিকে তাঁরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে ১ নম্বর আইনজীবী সমিতির সামনে সমাবেশের আয়োজন করা হয়।
আজ দুপুরে জেলা বিএনপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা বিএনপির সহসভাপতি আজাদ হোসেন খানের সভাপতিত্বে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ, দপ্তর সম্পাদক আরিফ হোসেন, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, স্বনির্ভরবিষয়ক সম্পাদক মহিউদ্দিন স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. জিন্নাহ খান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুসরাত-উল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল খালেক, জেলা তাঁতি দলের আহ্বায়ক আবদুস ছাত্তার ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক শামীম বিশ্বাস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ভোটারবিহীন সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে সারা দেশে বিএনপির আন্দোলন-সংগ্রামে পুলিশ গুলি চালিয়ে নেতা-কর্মীদের হত্যা করছে, দলের জাতীয় ও কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার ও দলের কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর করছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে নেতা-কর্মীরা বলেন, অবিলম্বে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতা-কর্মীদের মুক্তি দিতে হবে। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানান নেতা-কর্মীরা।