দলের সবুজ সংকেত পাওয়া সম্ভাব্য প্রার্থীরা এলাকায় তৎপরতা বাড়ানোর পাশাপাশি জোরেশোরে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন।

বরিশাল অঞ্চলে দীর্ঘদিন জামায়াতের প্রকাশ্য কোনো তৎপরতা ছিল না। এক যুগে বরিশাল নগরে দুটি-তিনটি ঝটিকা মিছিল ছাড়া তেমন কোনো কর্মসূচিও পালন করতে যায়নি। দলীয় কার্যালয়গুলো দিনের পর দিন বন্ধ ছিল। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আবার প্রকাশ্যে আসতে চাইছে দলটি
নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এরই মধ্যে বিভাগের পাঁচ জেলার ১০টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত হয়েছে। এর মধ্যে বরিশাল জেলার চারটি আসনের প্রার্থীরা সবুজ সংকেত পাওয়ার পর এলাকায় নানাভাবে তৎপরতা শুরু করেছেন।
জামায়াত সূত্রে জানা গেছে, বরিশাল-৫ (সদর) আসনে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়ায্যম হোসাইন, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আবদুল মান্নান, বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির মাওলানা আবুল হাসেমকে চূড়ান্ত করা হয়েছে।
দলটির নেতারা জানান, এর বাইরে ভোলা-১ ও ৪ আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়া পিরোজপুর-১ ও ২, পটুয়াখালী-২ এবং ঝালকাঠি-১ আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে। তবে বরগুনায় এখনো দলীয় প্রার্থী দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।
জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত পরিচালক মুয়ায্যম হোসাইন প্রথম আলোকে বলেন, ‘আমরা একদিকে কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকারের অধীনে নির্বাচনের দাবি নিয়ে সবার সঙ্গে রাজপথে আছি, একই সঙ্গে দল হিসেবে আলাদা নির্বাচনের প্রস্তুতিও নিয়ে রাখছি।’ দাবি পূরণ না হলে নির্বাচনে যাবেন কি না, এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি এই জামায়াত নেতা। তিনি বলেন, ‘দেশের সব জনগণ, রাজনৈতিক দল এই দাবিতে ঐক্যবদ্ধ। এমনকি ক্ষমতাসীন আওয়ামী লীগও দাবিটির প্রয়োজনীয়তা অনুধাবন করছে। আমরা আশা করি সরকার কেয়ারটেকার সরকারের অধীনেই নির্বাচনের ব্যবস্থা করবে।’
বরিশালের রাজনীতি পর্যবেক্ষকদের মতে, ২০১১ সালের পর রাজনৈতিকভাবে অনেকটা অন্তরালে চলে যায় জামায়াত। তবে নেতা-কর্মীরা নিষ্ক্রিয় ছিলেন না। দলকে সংগঠিত করতে গোপনে তৎপর ছিলেন তাঁরা। এবার নির্বাচনী প্রক্রিয়া সামনে রেখে দলটি কিছুটা ছাড় পাচ্ছে বলে মনে হচ্ছে। এই সুযোগে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে প্রকাশ্যে আসার চেষ্টা করছে জামায়াত।
গত ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে চারটি ওয়ার্ডে কাউন্সিলর পদে জামায়াত নেতারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এসবের মধ্যে ২৭ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছে জামায়াত। ওই নির্বাচনে নির্বিঘ্নেই দলের প্রার্থীরা মাঠে সরব থাকতে পেরেছেন। এর মধ্য দিয়ে জামায়াতের নেতারা প্রকাশ্যে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী হয়েছেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশাল নগর কমিটির সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রথম আলোকে বলেন, জামায়াত ২০১১ সালের পর থেকে আর প্রকাশ্যে নেই। কিন্তু সম্প্রতি জাতীয় রাজনীতিতে নানা মেরুকরণ লক্ষ করা যাচ্ছে। বিএনপি জোট থেকে ছিটকে পড়ার পর জামায়াত ক্ষমতাসীনদের কিছুটা আনুকূল্য পাচ্ছে বলেই মনে হয়। সম্প্রতি ঢাকায় দলটির সমাবেশ এমন ইঙ্গিতই বহন করছে। জামায়াত হয়তো এই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে আরও বেশি সক্রিয় হবে রাজনৈতিক অঙ্গনে।
নির্বিঘ্নে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারছেন কি না, এমন প্রশ্নে জামায়াত নেতা মুয়ায্যম হোসাইন বলেন, ‘আমাদের তো বাধা দিয়েই রাখা হচ্ছে। তবে আমরা বিশ্বাস করতে চাই, সরকার অচিরেই মানবাধিকার, নাগরিক অধিকারের প্রতি আন্তরিক হবে এবং জামায়াত দলীয় কার্যালয়ে বসে বাধাহীনভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অধিকার পাবে।’
২০১৪ সালের সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে (ইসি) জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হয়। এর পর থেকেই অন্যান্য স্থানের মতো বরিশালেও ঝিমিয়ে পড়ে জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড। ২০১৩ সালের দিকে বন্ধ হয়ে যায় বরিশাল নগরের বাটারগলি এলাকায় দলটির অস্থায়ী কার্যালয়।
দলটির নেতারা বলছেন, সরকার এবং প্রশাসনিক চাপে তাঁরা রাজনীতিতে প্রকাশ্যে আসতে না পারলেও নানা কৌশলে দলীয় কার্যক্রম চালিয়েছেন। এসব তৎপরতা চালাতে গিয়ে মাঝেমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার ও হয়রানির শিকার হয়েছেন। এরপরও সাংগঠনিক তৎপরতা বন্ধ ছিল না।
জামায়াতের বরিশাল নগর কমিটির আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবর প্রথম আলোকে বলেন, ‘আমাদের সাংগঠনিক তৎপরতা, চলমান আন্দোলন সবকিছুই একসঙ্গে চলছে। একই সঙ্গে আগামী নির্বাচনে আসনভিত্তিক প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া চলমান আছে। এরই মধ্যে বরিশাল বিভাগের অন্তত ১০টি আসনে প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে।’ প্রকাশ্য কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ‘সম্প্রতি ঢাকায় কেন্দ্র থেকে রাজনৈতিক সমাবেশ হয়েছে। তবে এখন পর্যন্ত তৃণমূল পর্যায়ে কোনো কর্মসূচি আসেনি। থাকলে সেটা প্রকাশ্যেই পালনের প্রস্তুতি আমাদের রয়েছে। তবে আপাতত নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
তাহলে জামায়াত বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কি না, জানতে চাইলে জহির উদ্দিন বলেন, ‘আমাদের কথা স্পষ্ট, জামায়াত কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না। নির্বাচন হতে হবে কেয়ারটেকার সরকারের অধীনে। সেটা না হলে জামায়াত নির্বাচনে যাবে না।’