
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় পায়ে আঘাত নিয়ে খুঁড়িয়ে হাঁটছে একটি মাদি হাতি। আজ সোমবার সকাল থেকে লোকালয়ে ঘোরাফেরা করছে হাতিটি। আর তার পাশে পাশে থাকছে সঙ্গী আরেকটি হাতি। সন্ধ্যা ছয়টা পর্যন্ত হাতি দুটিকে পাশাপাশি দেখা গেছে।
বনকর্মী ও স্থানীয় লোকজনের ধারণা, পাশের পাহাড়ে থাকা মানব পাচারকারী ও অপহরণকারী চক্রের আস্তানায় রাতে কিংবা ভোরে হানা দিয়েছিল হাতি দুটি। এ সময় চক্রের সদস্যদের ছোড়া গুলিতে মাদি হাতিটির একটি পায়ে আঘাত লাগতে পারে। এরপর হাতি দুটি পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। হাতি দুটির বয়স ১৫ থেকে ২০ বছর।
স্থানীয় লোকজন জানান, আজ সকাল ছয়টার দিকে বাহারছড়া পাহাড় থেকে হাতি দুটিকে লোকালয়ে নেমে আসতে দেখা যায়। কয়েক দিন ধরে বাহারছড়া, জাহাজপুরা ইকোপার্ক ও হাজি মোজাহের স্মৃতি স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় হাতি দুটিকে ঘোরাফেরা করতে দেখা গেছে। ওই পাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসী, অপহরণকারী ও মানব পাচারকারীদের কয়েকটি দল অবস্থান করে। তাদের কারও ছোড়া গুলিতে মাদি হাতিটি আহত হয়ে থাকতে পারে। বর্তমানে হাতি দুটি জাহাজপুরা এলাকায় অবস্থান করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহারছড়ার শিলখালী বন রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বনকর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা আহত হাতিটিকে দেখতে পান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত হাতিটির চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আহত হাতির কাছে গিয়ে কেউ যেন বিরক্ত না করেন বা হাতির আক্রমণের শিকার না হন, সে জন্য সেখানে পাহারার ব্যবস্থা করা হয়েছে। লোকজনকেও সতর্ক করা হচ্ছে।
বনকর্মীরা জানান, আহত হাতিটি মাদি। তার পেছনের ডান পায়ের চামড়া উঠে গেছে এবং সেখান থেকে রক্ত ঝরছে। গুরুতর আঘাতের কারণে হাতিটি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছে না।
তবে রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, গুলিতে হাতিটির পায়ে আঘাত লেগেছে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। সঙ্গী হাতিটি আহত হাতির কাছাকাছি থাকায় সেখানে লোকজন ভিড়তে পারছেন না।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই সঙ্গী হাতিটি আহত মাদি হাতির পাশে রয়েছে। এক মুহূর্তের জন্যও তাকে একা ছেড়ে যাচ্ছে না। চলাফেরার সময়ও দুই হাতি একসঙ্গে হাঁটছে। মাদি হাতিটি এগোতে কষ্ট পেলে সঙ্গী হাতিটিকে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দ্রুত চিকিৎসা নিশ্চিত করা না গেলে আহত হাতিটির শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা স্থানীয় লোকজনের।