আগুন লাগার খবরে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে
আগুন লাগার খবরে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

‘ফেলে দেওয়া সিগারেটে’ সিলেটে ওসমানী মেডিকেলে আগুন, নেভাতে গিয়ে একজন অসুস্থ

সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে একপর্যায়ে এক অ্যাম্বুলেন্সচালক অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

গতকাল শুক্রবার রাতে হাসপাতালের পঞ্চম তলার ২৩ নম্বর ওয়ার্ডে (শিশু সার্জারি) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ২৩ নম্বর ওয়ার্ডের একটি শৌচাগারে কেউ ধূমপান করে অবশিষ্ট অংশ বাইরে ফেলে দেন। এতে কার্নিশে জমে থাকা ময়লায় আগুন ধরে যায় এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই রোগী, রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুন নেভানোর চেষ্টা করা হলে ফায়ার এক্সটিংগুইশারের গ্যাসের কারণে এক অ্যাম্বুলেন্সের চালক অসুস্থ হয়ে পড়েন। তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাঁকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় শিশু সার্জারি ওয়ার্ডে কিছু সময়ের জন্য চিকিৎসাসেবা বন্ধ রাখা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক মাহবুবুল আলম বলেন, ‘২৩ নম্বর ওয়ার্ডে কেউ একজন ধূমপান করে আগুন বাইরে ফেলে দেওয়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা দ্রুত আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পরে ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

মাহবুবুল আলম আজ শনিবার দুপুরে জানান, আগুন লাগার ঘটনায় হাসপাতালের পরিচালক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।