
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে টঙ্গী পূর্ব থানার ৪৫ নম্বর ওয়ার্ডের নদীবন্দর রোডের খাজা বাবা জামে মসজিদসংলগ্ন তুরাগ নদের ঘাটে এ ঘটনা ঘটে।
ওই দুই শিক্ষার্থী হলো জামালপুরের ইসলামপুর উপজেলার বেনওয়ার চর এলাকার আনিসুল হকের ছেলে মো. শামীম (১৩) এবং নেত্রকোনার আটপাড়া উপজেলার সিরামপাশা এলাকার সাইফুল ইসলামের ছেলে মো. আফনান (১৪)। তারা দুজনই টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তারা পরিবারের সঙ্গে টঙ্গীর বউবাজার এলাকায় ভাড়া বাসায় থাকত।
পুলিশ জানিয়েছে, আজ সকালে টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী স্থানীয় একটি মাঠে খেলাধুলা শেষে তুরাগ নদে গোসল করতে নামে। দুপুর সাড়ে ১২টার দিকে গোসলের এক পর্যায়ে তারা পানির স্রোতে তলিয়ে যেতে থাকে। এ সময় তাদের মধ্যে শিপন নামের এক শিক্ষার্থী সাঁতরে কোনোরকমে তীরে উঠলেও বাকি দুজন তলিয়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদ থেকে শামীম ও আফনানের লাশ উদ্ধার করে।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।