
মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় ওসিসহ তিন পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় করা একটি মামলায় আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমানকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
আজ সোমবার দুপুরে মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠান। এর আগে ভোরে রাজধানী ঢাকার উত্তরা ১ নম্বর সেক্টরে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০ নভেম্বর কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা এলাকায় খোকন মোল্লার ছেলে রেজাউল মোল্লার ইজিবাইকের ওপর ককটেল বিস্ফোরণ ঘটান হাফিজুর রহমানের অনুসারীরা। এ ঘটনার জেরে বর্তমান চেয়ারম্যান সাহিদ পারভেজের সমর্থকদের সঙ্গে হাফিজুরের সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন, দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় পুলিশের দুই উপপরিদর্শক বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদান এবং বিস্ফোরক দ্রব্য আইনে আলাদা দুটি মামলা করেন। মামলা দুটিতে সাবেক ও বর্তমান দুই চেয়ারম্যানসহ দুই পক্ষের ৮৫ জনকে আসামি করা হয়।
২৩ নভেম্বর বর্তমান চেয়ারম্যানের সমর্থক খোকন মোল্লা বাদী হয়ে হাফিজুর রহমানকে প্রধান আসামি করে ৩৪ জনের নামে বিস্ফোরক ও ইজিবাইক ভাঙচুরের আরও একটি মামলা করেন। পুলিশের দুটি মামলায় হাফিজুর রহমান উচ্চ আদালত থেকে জামিন পেলেও খোকন মোল্লার করা মামলায় হাফিজুরকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
এ ঘটনায় ২২ নভেম্বর প্রথম আলোয় ‘সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান আসামি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
গ্রেপ্তারের আগে হাফিজুর রহমান বলেন, ‘যখন হামলা–ভাঙচুর হয়, তখন আমি এলাকায় ছিলাম না। তবু পুলিশের দুটি মামলাসহ তিনটি মামলায় আমাকে আসামি করা হয়েছে। বর্তমান চেয়ারম্যান সাহিদ পুলিশকে প্রভাবিত করে আমাকে হয়রানি করে চলেছেন। পুলিশ আমাকে বারবার ধরলেও সাহিদকে গ্রেপ্তার করছে না। এর আগেও সাহিদ আমার ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান সব পুড়িয়ে দিয়েছেন। আমি কোনো সুষ্ঠু বিচার পাই না।’
জানতে চাইলে কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) মারগুব তৌহিদ বলেন, পুলিশের ওপর বোমা হামলার ঘটনাসহ হাফিজুরের বিরুদ্ধে তিনটি মামলা হয়। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি পুলিশের করা দুটি মামলায় হাফিজুর রহমান উচ্চ আদালত থেকে জামিন নেন। তবে বিস্ফোরক ও ভাঙচুরের আরও একটি মামলায় তিনি প্রধান আসামি ছিলেন। তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের ওপর বোমা হামলাসহ তিনটি মামলায় আরও যাঁরা আসামি আছেন, তাঁদের সবাইকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।