লাশ
লাশ

রায়গঞ্জে খাসপুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে বিএনপি নেতার ২ সমর্থক নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি খাসপুকুরে মাছ মারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোয়ালপাড়া গ্রামে সরকারি পাঁচ বিঘা আয়তনের খাসপুকুর আছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই পুকুর নিয়ে আওয়ামী লীগের কর্মী আছমত আলীর (৫০) সঙ্গে ধামাইনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের (৪৮) দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। আগে আছমত আলী পুকুরটি গোয়ালপাড়া মসজিদের নামে লিজ নিয়ে মাছ চাষ করতেন। চব্বিশের গণ–অভ্যুত্থানের পর বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক তিন বছরের জন্য পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন।

আজ সকালে আবু বক্কর সিদ্দিক তাঁর লোকজন নিয়ে মাছ মারার জন্য পুকুরে জাল ফেলেন। তখন আছমত আলীর লোকজন এসে তাঁদের বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তারা ধারালো অস্ত্র, হাঁসুয়া, দা, লাঠিসোটা নিয়ে পরস্পরের ওপর আক্রমণ করে। এতে আছমত আলীর পক্ষের চারজন এবং আবু বকর সিদ্দিক পক্ষের সাতজন গুরুতর আহত হন।

জাতীয় জরুরি নম্বর ৯৯৯–এ ফোন পেয়ে থানা–পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। চিকিৎসাধীন অবস্থায় বেলা দুইটার দিকে আবু বক্কর সিদ্দিক পক্ষের ইসমাইল হোসেন (৭০) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ছাড়া আবদুস সালাম (৬০) সিরাজগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিহত দুজনের বাড়ি গোয়ালপাড়া গ্রামে।

এর আগে এই পুকুর দখলকে কেন্দ্র করে ২০০৭ সালে ফজলার রহমান নামের একজন নিহত হন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিকেল চারটার দিকে প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।