বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং কড়া পাহারা বজায় রয়েছে। আজ শুক্রবার
বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং কড়া পাহারা বজায় রয়েছে। আজ শুক্রবার

মেহেরপুর সীমান্তে আবারও ৩ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের

মেহেরপুরের গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা সীমান্ত এলাকা দিয়ে আবারও তিনজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরের দিকে ধলা সীমান্ত এলাকার ১৩৫/৭ নম্বর মেইন পিলারের কাছে বিএসএফ তাদের সীমান্ত সুরক্ষা ফটক খুলে দিয়ে তিনজনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। অনুপ্রবেশকারীরা ভারতীয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশের একটি পাটখেতের ভেতর দিয়ে ধীরে ধীরে এগোতে থাকেন। এ সময় মাঠে কাজ করতে যাওয়া স্থানীয় কৃষকেরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে কাছের বিজিবি ক্যাম্পে খবর দেন।

স্থানীয় বাসিন্দা জবেদ আলী বলেন, ভোরের দিকে বিএসএফ কাঁটাতারের গেট খুলে বেশ কয়েকজনকে এপারে পাঠিয়ে দেয়। তাঁরা পাটখেতের ভেতর দিয়ে আসছিলেন। কৃষকেরা বিষয়টি বুঝতে পেরে বিজিবিকে জানালে টহলরত বিজিবি সদস্যরা ওই দিকে এগিয়ে যান। বিজিবির উপস্থিতি টের পেয়ে অনুপ্রবেশকারীরা পালিয়ে পুনরায় ভারতের কাঁটাতারের কাছে গিয়ে অবস্থান নেয়। বর্তমানে তাঁদের আর সেখানে দেখা যাচ্ছে না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাধাগোবিন্দপুর ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার শিশির কুমার সরকার বলেন, বেশ কয়েকজন সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিলেন। তবে এলাকাবাসী ও বিজিবির কঠোর তৎপরতার কারণে তাঁরা বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে পারেননি। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং কড়া পাহারা বজায় রয়েছে।

গতকাল বৃহস্পতিবার ভোরেও ধলা সীমান্তের পার্শ্ববর্তী সহড়াবাড়িয়া বিজিবি ক্যাম্প এলাকায় একইভাবে ১০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল বিএসএফ। তখন বিজিবির বাধার মুখে তারা ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।